
সেই তো বড় হারই!
৪-০ স্কোরলাইন যেকোনো পর্যায়ের ফুটবলেই বড় ব্যবধান। বিশ্বকাপ বাছাইয়ের মতো বড় মঞ্চে তো আরও বেশি। আহামরি কোনো ফুটবল না খেলেই জর্ডান চারটি গোল পেয়ে গেল হেসেখেলে। ম্যাচের ধারা অনুযায়ী স্কোরলাইনটা কিন্তু এমন হওয়া মোটেও উচিত ছিল না। জর্ডানকে বলতে গেলে বাংলাদেশ দলই বড় জয় উপহার দিয়েছে!
এ নিয়ে ম্যাচের পর বিস্তর আফসোস, হতাশাও। বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ এমনও বললেন,‘ ম্যাচটা আমরা ড্রও করতে পারতাম!’ খুব বাড়িয়ে বলেননি কোচ। ভুল তো সবই নিজেদের। বেশ কটি সুযোগ নষ্ট করে উল্টো চারটি গোল হজম ম্যাচের ধারার সঙ্গে যাচ্ছে না মোটেও। প্রথম গোলটি পেনাল্টিতে, দ্বিতীয়টি অসতর্কতায়, শেষ দুটি হাল ছেড়ে দেওয়া মনোভাবে—এই হলো চার গোলের সারসংক্ষেপ।
রক্ষণাত্মক মেজাজেই কোচ লোডভিক ডি ক্রুইফ ৪-৩-৩ ছক ছেড়ে পাঁচ ডিফেন্ডার নিলেন এদিন। এমিলিকে ওপরে রেখে মাঝখানে চার মিডফিল্ডার। এতে ভালোই কাজ হচ্ছিল। বোঝাই যাচ্ছিল না অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ থেকে নেই এনামুল, লিংকন ও হেমন্ত। তবে শেষ মুহূর্তে চোটের কারণে বাদ পড়া গোলরক্ষক সোহেলের না থাকাটা একটা ধাক্কা হয়েই এল।
বিকল্প গোলরক্ষক লিটন খারাপ করেছেন বলা যাবে না। ১৪ মিনিটেই তিনি পড়ে গেলেন বড় পরীক্ষায়। অসতর্ক মিশুর হাতে বল লাগল বক্সে। চীনা তাইপের রেফারির দেওয়া পেনাল্টিতে সহজেই লক্ষ্যভেদ স্ট্রাইকার আবদুল্লাহ দিবের। গোল খেয়ে আক্রমণে ওঠা বাংলাদেশ গোল প্রায় পেয়েই যাচ্ছিল। ইয়াসিনের একটা দুর্দান্ত হেড গেল পোস্টের সামান্য ওপর দিয়ে। উল্টো প্রতি আক্রমণে ৩৩ মিনিটে দ্বিতীয় গোলটি, যেটি আরও পীড়াদায়ক। জামাল ভুঁইয়া বল ক্লিয়ার করতে ব্যর্থ। অরক্ষিত স্ট্রাইকার আবু আমরার জোরালো শট জালে।
প্রথমার্থে দুই গোলে পিছিয়ে থাকা ম্যাচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না মোটেও। অস্ট্রেলিয়া ম্যাচে কোণঠাসা দলটি ঘরের মাঠে চোখ রাঙাল জর্ডানকে। জর্ডান দলটাকে স্কিলের দিক থেকে অতটা উঁচু মানেরও লাগেনি। শারীরিক উচ্চতা ও শক্তির ওপরই খেলে গেছে আগাগোড়া। এই দলের বিপক্ষে বাংলাদেশের বল পজেশন থাকল অনেক ভালো, দ্রুত আক্রমণে ওঠার পরিকল্পনাও সফল।
কিন্তু চিরন্তন সেই প্রশ্ন, গোলটা করবে কে? এমিলি পারছেন না। জুয়েল রানা চেষ্টা করেছেন। এই তরুণ দ্রুতগতিতে বেশ কয়েকবার ঢুকেছেন জর্ডানের বক্সে। দুবার প্রায় গোলের কাছাকাছিও চলে যান রোমাঞ্চ ছড়িয়ে। জর্ডান রক্ষণ করছিল বেশ সামনে, মাঝরেখা পেরিয়ে গেলেই সুযোগ এসে যাচ্ছিল। একবার জর্ডানের গোলরক্ষককেও কাটিয়ে কোনাকুনি চলে যাওয়ায় বলটা ঠেলেন এমিলিকে। কিন্তু এমিলি সেই রসগোল্লাও মুখে পুরতে পারেননি, বল তুলে দিয়েছেন গোলরক্ষকের হাতে।
আরেকবার জুয়েল ফাঁকা পোস্টে প্লেসিং করলেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১২-১৩ হাজার দর্শককে হতাশায় ডুবিয়ে বল বাইরে চলে গেল পোস্টে বাতাস লাগিয়ে!
দ্বিতীয়ার্ধে মিনিট দশেক ভালোভাবেই ম্যাচে ছিল বাংলাদেশ। এরপর মনে হলো হঠাৎই বুঝি ক্লান্তি ঘিরে ধরেছে খেলোয়াড়দের। কোনো উদ্যম নেই, কভারিং নেই। জর্ডানের খেলোয়াড়েরা ইচ্ছেমতো বল নিয়ে বাংলাদেশের গোলের সামনে চলে আসছেন। এতক্ষণ বেশ সামনে উঠে খেলা বাংলাদেশের রক্ষণ হঠাৎই এত নুয়ে পড়ল যে, লড়াইয়ের শক্তি উধাও!
৫৭ ও ৫৯ মিনিটে শেষ দুটি গোল তারই ফল। হেলেদুলে বাংলাদেশের দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল পাঠিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করলেন আবদুল্লাহ দিব। পরপরই উইঙ্গার ইয়াসিনের আলতো টোকায় লক্ষ্যভেদ, ম্যাচে মাঝেমধ্যে যাঁর পায়ে ছিল ঝলক।
চার গোল বসে গেছে স্কোরলাইনে, ম্যাচে আর আকর্ষণ ছিল না কিছুই। তবু বেশ কয়েকবারই বল নিয়ে উঠল বাংলাদেশ। কোমল আর এমিলি দুটি ভালো সুযোগ পেয়েও হারালেন। তাঁরা একটু নিখুঁত হতে পারলে ম্যাচটা থেকে শুধুই আক্ষেপের বদলে একটু আনন্দও সঙ্গী হতো বাংলাদেশের।
বাংলাদেশ দল: লিটন, ইয়াসিন, ইয়ামিন (রায়হান), তপু, নাসিরুল (লিংকন), মিশু (কোমল), জামাল, রাজু, মামুনুল, জুয়েল, এমিলি।