জর্ডানে আট গোলে হারল বাংলাদেশ

জর্ডানের সঙ্গে জর্ডানের মাঠে খেলা বড় এক চ্যালেঞ্জই বাংলাদেশ ফুটবল দলের জন্য। কার্যত সেটিই হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ দল জর্ডানের মুখোমুখি হয়েছিল আম্মানের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। কিছুক্ষণ আগে শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ দল হেরেছে ৮-০ গোলের বিশাল ব্যবধানে।
প্রথমার্ধে স্কোরলাইন ছিল ৫-০ গোলে। এ অর্ধের গোলগুলো হয়েছে ৭, ২৩, ৩০, ৩২ ও ৪০ মিনিটে। দ্বিতীয়ার্ধে ৬৩, ৮২ ও ৯৩ মিনিট। এবারের বিশ্বকাপ বাছাই পর্বে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়। বিশ্বকাপ বাছাই পর্বে এর আগে ১৯৯৩ সালে জাপানের কাছে আট গোলে হেরেছিল বাংলাদেশ।
গোলের সংখ্যাই বলে দিচ্ছে, ম্যাচটা কেমন হয়েছে। জর্ডান একতরফাই খেলে গেছে আগাগোড়া। এবং ঝড়টা বয়ে গেছে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার ওপর দিয়ে। এর আগে গত ৮ সেপ্টেম্বর ঢাকায় প্রথম ম্যাচে জর্ডান জিতেছে ৪-০ গোলে। তবে সে ম্যাচে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল ঘরের ছেলেরা। কিন্তু শৃঙলাভঙ্গসহ নানা কারণে বাংলাদেশ দলটা ভেঙে চুরমার এখন। মেধাহীন ও আনকোরা দল নিয়ে শক্তিশালী প্রতিপক্ষের মাঠে খেলা যে কত কঠিন তা ভালোই বুঝতে পারল বাংলাদেশ।