ক্রীড়া প্রতিবেদক: গত বছর ডিসেম্বরে নেপালের সঙ্গে অভিষেক। মাত্র চার মাসেই আন্তর্জাতিক ফুটবলের নিষ্ঠুরতা দেখে ফেললেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। বাংলাদেশ দলের এই গোলরক্ষকের অসহায় আত্মসমর্পণ দেখা গেছে পুরো ম্যাচেই। শুধু আশরাফুলই নন, পুরো বাংলাদেশ দলই অসহায় ছিল শক্তিশালী জর্ডানের কাছে। কাল জর্ডানের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশ ভেসে গেছে ৮-০ গোলে। আম্মানের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশকে যেন ফুটবল শেখাল জর্ডান। এর আগে গত ৮ সেপ্টেম্বর ঢাকায় জর্ডানের সঙ্গে ঢাকায় ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
বাফুফের দেওয়া শাস্তির খড়্গে দলের সাত ফুটবলার ছাড়াই জর্ডান গেছে বাংলাদেশ। কার্ডের খাঁড়ায় দলের সঙ্গী হতে পারেননি হেমন্ত। ভাঙাচোরা যে দলটি নিয়ে বাংলাদেশ জর্ডানে গেছে, বড় ব্যবধানে হার অনেকটাই অনুমতি ছিল। কিন্তু তাই বলে এমন লজ্জার পরাজয় ভাবা যায়নি।
এবার বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ ৮ ম্যাচে হজম করেছে ৩২ গোল। এর মধ্যে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের জালে ঢুকেছে ২০ গোল। এমন বড় ব্যবধানে বাংলাদেশ অবশ্য এর আগেও হেরেছিল। ১৯৯৩ সালে টোকিওতে জাপানের কাছে বাংলাদেশ হারে ৮-০ গোলে।
ভঙ্গুর বাংলাদেশের রক্ষণ বলে কাল আসলে কিছুই ছিল না। যতবারই আক্রমণে উঠেছে জর্ডানের ফুটবলাররা ততবারই গোল উৎসবে মেতেছেন। উৎসবের শুরুটা করেন ৭ মিনিটে ফরোয়ার্ড হামজা আল দারদুর। ২৩ ও ৪০ মিনিটে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। আবদুল্লাহ দেব ২৯ মিনিটে, ৩২ মিনিটে পেনাল্টি থেকে আল রাবাশদে, ৬৩ মিনিটে বাহা ফয়সাল, ৮২ মিনিটে আল নাবের ও ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি থেকে সামির করেন অষ্টম গোল।