জর্ডানে ৮ গোল খাওয়ার কারণ এই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার জর্ডানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ছবি: বাফুফে
বৃহস্পতিবার জর্ডানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ছবি: বাফুফে

জর্ডানে আট গোলের পরাজয় শেষে গত রাতে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। সঙ্গে নিয়ে এসেছে একরাশ হতাশা। সারা দেশে নতুন করে শুরু হয়েছে হাহাকার। বাংলাদেশ আবার ফিরে গেল সেই ৮-৯ গোল খাওয়ার যুগে!
বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুর চোখে দলের এমন লজ্জার পরাজয়ের কারণ অনেক। ঢাকায় ফিরে প্রথম আলোকে বলেছেন, ‘চাপের মুখে ছেলেরা সাধারণ সব ভুল করে বিপদ ডেকে এনেছে।’ শুধু নিজেদের ভুল, নাকি এটাই বাংলাদেশ দলের সামর্থ্য সেই প্রশ্নও উঠছে। তবে রুপু সামর্থ্য নিয়ে কথা বলতে রাজি নন। বরং সামর্থ্যের প্রয়োগ প্রয়োগ ঘটাতে না পারাটাই আসল। তাঁর কথা,‘ গত দুটি ম্যাচে আমরা বেশির ভাগ গোলই খেয়েছি যেগুলো গোল হওয়ার মতো আক্রমণ ছিল না।’
বাংলাদেশ দলের অবস্থা এখন এমন যে, বল নিয়ে প্রতিপক্ষ আক্রমণে এলেই গোল হয়ে যাচ্ছে। আরব আমিরাতের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ৬-১ ও জর্ডানের সঙ্গে ৮-০ সেটাই বলে। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলতে ঢাকার ছাড়ার পর বাংলাদেশ দল দুই ম্যাচে খেয়েছে ১৪ গোল। বিশ্বকাপ বাছাইয়ের আট ম্যাচে এবার রেকর্ড ৩২টি গোল খেয়েছে বাংলাদেশ। কারণ হিসেবে রুপু বলছেন,‘ খেলোয়াড়দের ব্যক্তিগত ভুলেই এতগুলো গোল। মানসিক চাপে ওরা খেই হারিয়েছে। তা ছাড়া জর্ডানের কাছে প্রথমার্ধেই পাঁচ গোল খাওয়াটা ছিল দুর্ভাগ্যজনক। ওদের আমরা দুটি পেনাল্টি দিয়েছি। শেষ মুহূর্তেও ওরা পেনাল্টি পেয়েছে। সময় গড়াতে গড়াতে গোল যে এতগুলো হয়ে যাবে, আমরা ভাবতে পারিনি।’ 

দলের পরিকল্পনা ছিল রক্ষণ জমাট রেখে খেলে যতটা সম্ভব কম গোল খাওয়া। কিন্তু সেই চেষ্টা সফল না হওয়ার একটা ব্যাখ্যাও দিয়েছেন রুপু,‘ পরিকল্পনা ছিল প্রতিপক্ষ খেলোয়াড়দের আমরা আটকাব। কিন্তু আমাদের খেলোয়াড়েরা ১:১ অবস্থায় সফল হয়নি। ফুটবলে সাপোর্ট লাগে, সেটাও কেউ এগিয়ে এসে দিতে পারেনি। এই জায়গায় বড় ঘাটতি ছিল। ফলে প্রতিপক্ষ গোল পেয়ে গেছে। ভুল পাস থেকে প্রতিপক্ষের পায়ে বল তুলে দিয়েছে আমাদের খেলোয়াড়েরা। কয়েকটা গোল সেটারই খেসারত।’
অনেকে বলছেন, বর্তমান প্রজন্মের পক্ষে ফুটবল এগিয়ে নেওয়া সম্ভব নয়। সেই সামর্থ্যই নেই বর্তমান প্রজন্মের। রুপু এই বক্তব্যের সঙ্গে একমত নন। ফুটবলারদের তৈরি করতে সময়ের প্রয়োজন বলছেন সাবেক এই ফুটবলার,‘ খেলোয়াড় তুলে আনতে হবে আমাদের। এখন সেটাই সবচেয়ে বেশি প্রয়োজন। প্রথম কিছুদিন হয়তো আমরা ফল পাব না। তবে আস্তে আস্তে ফল আসবে।’
কী করা প্রয়োজন সেটা ফুটবল কর্তারা জানেন। কিন্ত বাস্তবায়ন নেই বলেই সর্বনাশের পথে হাঁটছে ফুটবল।