জাতীয় দল থেকে মামুনুলের অবসর

অভিমানে-ক্ষোভে জাতীয় ফুটবল দল থেকে অবসরই নিয়ে ফেললেন মামুনুল ইসলাম। ভুটানের বিপক্ষে আজকের এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন। আর তাতেই দেশের হয়ে ৫০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা অভিজ্ঞ ফুটবলার একেবারে আকস্মিকভাবে দিয়ে দিলেন অবসরের ঘোষণা।
কোচ টম সেন্টফিট ভুটান ম্যাচের জাতীয় দল থেকে মামুনুলের বাদ পড়ার কারণ দেখিয়েছেন চোট। আর এই চোটের কারণ নাকি মামুনুল নিজেই। জাতীয় দলের ক্যাম্প চলাকালে মামুনুলের নৌবাহিনীর হয়ে আন্তঃবাহিনী চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে চোট পান তিনি এবং বিষয়টিকে কোচ মোটেই ভালোভাবে নেননি।
২০০৭ সালে জাতীয় দলে অভিষেক। দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়দের একজন। প্রায় তিন বছর বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন। এভাবে বাদ পড়ায় তাই অপমানিতই বোধ করেছেন ২৮ বছর বয়সী মিডফিল্ডার, ‘মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আমি চোট পেয়েছিলাম। আমাকে বলা হয়েছিল, ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করে তুলতে। আমি চোটমুক্ত হতে পরিশ্রম করছিলাম। এত দিন ধরে খেলছি, আমার সঙ্গে আলাপ করেই আমাকে বাদ দেওয়া যেত।’
সেন্টফিট অবশ্য জাতীয় দলের প্রতি মামুনুলের দায়বদ্ধতা নিয়েই প্রশ্ন তুলেছেন, ‘জাতীয় দলের ক্যাম্প চলার সময় সে নৌবাহিনীর হয়ে খেলতে গিয়েছিল। জাতীয় দলের চেয়ে একটি সার্ভিসেস দলকে বেশি গুরুত্ব দিয়েছে সে। আমি আমার ক্যারিয়ারে এমন ঘটনার সঙ্গে পরিচিত নই। আপনারা এমন কিছু জেনে থাকলে আমাকে বলবেন।’