জাতীয় দল নিয়ে ভয় বাফুফের
ক্রীড়া প্রতিবেদক: গতি হারিয়ে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিজস্ব আয়োজন বঙ্গবন্ধু গোল্ডকাপ। টুর্নামেন্টটি পিছিয়ে গেছে দ্বিতীয়বারের মতো। বাফুফের নির্বাহী কমিটির আজকের জরুরি সভায় এটি পেছানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সূচিতে টুর্নামেন্টটি এখন হওয়ার কথা ১৮-৩১ ডিসেম্বর।
সর্বশেষ বঙ্গবন্ধু গোল্ডকাপ হয়েছিল গত বছর জানুয়ারিতে। এর আগের বছরও হয়েছে একই সময়ে। বাফুফের বর্তমান নেতৃত্বের অঙ্গীকার ছিল, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রতিবছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজন করা। কিন্তু তা আর হলো কই!
এবার টুর্নামেন্টটির আকাশে কালো মেঘ জমতে থাকে ভুটানের কাছে জাতীয় দলের হারের পর থেকেই। এ বছর বাফুফের চিন্তায়ই ছিল না বঙ্গবন্ধু গোল্ডকাপ। তবে শেষ পর্যন্ত রাখা হয় বর্ষপঞ্জিতে। যা শুরুর কথা ছিল গত ১১ মার্চ। কিন্তু তখন পিছিয়ে এপ্রিলের শেষ সপ্তাহে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কদিন আগেও বাফুফের শীর্ষ কর্মকর্তারা বলেছিলেন, বিদেশি দল পাওয়া কোনো সমস্যা নয়। সবকিছু তৈরি আছে। স্পনসর পেলেই জাতির জনকের নামে টুর্নামেন্টটি মাঠে গড়াবে। কিন্তু আজ বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী বলেছেন উল্টো কথা, ‘স্পনসর আছে। টাকা রেডি। আমরা টুর্নামেন্টটি পিছিয়েছি আসলে অন্য করণে।’
কী সেই অন্য কারণ?
সালাম বলছেন, ‘আমাদের জাতীয় দল এই মুহূর্তে তৈরি নয়। তা ছাড়া আরও কিছু বিষয় আছে। তাই আমরা মনে করি এখন টুর্নামেন্ট না করে বছরের শেষ দিকে করলে ভালো হবে।’ তবে ঘটনা হলো, বাংলাদেশ জাতীয় দল নামে কোনো কিছুর অস্তিত্ব নেই এখন। জাতীয় দল নিয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনাও নেই ফেডারেশনের। নেই কোনো কোচ। অপ্রস্তুত অবস্থায় জাতীয় দলকে এখন মাঠে নামিয়ে দিলে হয়তো হেরে আরও বড় লজ্জায় পড়বে। সেই ঝুঁকিটাই আসলে নিতে চায়নি ফেডারেশন।
সভাপতি কাজী সালাউদ্দিনের কথাতেও সেটাই বোঝা গেল। টুর্নামেন্ট পেছানো নয়, বরং টুর্নামেন্টটি ২১ এপ্রিল শুরু করার চিন্তা নিয়েই ফেডারেশনের জরুরি সভা ডাকেন তিনি। কিন্তু নির্বাহী কমিটির সদস্যরা যখন কথা তুললেন, জাতীয় দলকে ভালোভাবে প্রস্তুত না করেই মাঠে নামানো ঠিক হবে না। এই যুক্তিতেই পাল্টে যায় দৃশ্যপট। সালাউদ্দিনও সেটাই বলছেন, ‘সবাই যখন বলেছে জাতীয় দল যদি ভালো কিছু করতে না পারলে আরও বড় ক্ষতিই হতে পারে দেশের ফুটবলের। আমি তা সমর্থন করেছি মাত্র।’
একটা সময় আগা খান গোল্ডকাপ, প্রেসিডেন্ট গোল্ডকাপে বাংলাদেশের ক্লাব বা জাতীয় দলের অংশগ্রহণ ছিল বেশ উৎসাহ ব্যঞ্জক। সময়ের স্রোতে এখন জাতীয় দলকে কোনো টুর্নামেন্টে নামাতেই ভয় পাচ্ছে ফেডারেশন! তবে এতে একটা সুবিধা দেখা হচ্ছে, ডিসেম্বরের নির্ধারিত সাফ টুর্নামেন্ট কয়েক সপ্তাহ পিছিয়ে যেতে পারে। সে দিক থেকে ডিসেম্বরে বঙ্গবন্ধু কাপটা হতে পারে সাফের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট।
আর তাতে খেলতে পারে ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, নেপাল. কম্বোডিয়া, কিরগিজস্তান, উজবেকিস্তানের জাতীয় বা অনূর্ধ্ব-২৩ দল। বাংলাদেশ থেকে দুটি দল গড়ার ইচ্ছে আছে কর্তাদের। ঢাকার পাশাপাশি সিলেটে খেলা হবে। তবে প্রশ্নটা থেকেই যায়, ডিসেম্বরেও বঙ্গবন্ধু গোল্ডকাপ আদৌ হবে কি?