জাতীয় ক্রীড়া পুরষ্কার, বুট নিলামে তুলতে চান আসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। ফাইল ছবি: প্রথম আলো
বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। ফাইল ছবি: প্রথম আলো

মোনেম মুন্নার জাতীয় দলের একটি ও আবাহনী লিমিটেডের একটি জার্সি নিলামে বিক্রি হয়েছে মোট ৫ লাখ ১০ হাজার টাকায়। শনিবার সে অনুষ্ঠানের পুরো সময় অনলাইনে যোগ দিয়েছিলেন মুন্নার সাবেক সতীর্থ শেখ মোহাম্মদ আসলাম। করোনা মহামারিতে অসহায় হয়ে পড়া মানুষের সহযোগিতায় এগিয়ে এলেন আসলামও। জাতীয় ক্রীড়া পুরষ্কার ও এক জোড়া বুট নিলামে তুলতে চান দেশের কিংবদন্তি ফুটবলার।

দেশের ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার বলা হয় আসলামকে। ৮৪ থেকে ৮৭ সাল পর্যন্ত টানা তিন মৌসুমে আবাহনী লিমিটেডের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা তিনি। জাতীয় দলের জার্সিতেও তাঁর গোল ২৮টি। সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরষ্কার। অসহায় মানুষের সহযোগিতায় সেই অনন্য স্বীকৃতিই নিলামে তুলতে চান আসলাম , 'করোনার এ সময়ে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে। তাদের জন্য কিছু করার লক্ষ্যে আমার জাতীয় ক্রীড়া পুরষ্কার নিলামে তুলতে চাই। বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে , অসহায় মানুষদের সহযোগিতায় প্রদান করা হবে।'

জাতীয় ক্রীড়া পুরষ্কারের সঙ্গে প্রিয় এক জোড়া বুটও নিলামে তুলতে চান সাবেক এই ফুটবলার। ২০১২ সালে সোনালী অতীত ক্লাবের সঙ্গে ইংল্যান্ড সফরে এক ভক্তের কাছে থেকে এডিডাসের এক জোড়া বুট পেয়েছিলেন। সে বুট জোড়া তিনি তুলতে চান নিলামে , '২০১২ সালে ইংল্যান্ড সফরে আমার এক ভক্ত এক জোড়া বুট দেয়। সেই এডিডাস বুট জোড়া নিলামে তুলতে চাই।' কোনো নিলামকারী প্রতিষ্ঠান আগ্রহী হলে তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন সাবেক এই স্ট্রাইকার।