জাতীয় দল-পেশাদার লিগও বাফুফের অগ্রাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা আর্থিক ও কারিগরি সহায়তা করতে প্রস্তুত। বড় প্রশ্ন, বাংলাদেশ সেই সহযোগিতা নিতে কতটা তৈরি? কিংবা অগ্রাধিকার দেওয়া হবে কোন কোন খাতে?
এই প্রশ্নের উত্তর খোঁজা হলো কাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে ফিফার এ অঞ্চলের উন্নয়ন কর্মকর্তা সাজি প্রভাকরণের সভায়। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বেরিয়ে আসেনি। তবে ঠিক হয়েছে, আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাফুফে একটি অগ্রাধিকার তালিকা দেবে ফিফাকে। তারই ভিত্তিতে ফিফাঘোষিত বার্ষিক ৫ লাখ ডলারের প্রকল্পভিত্তিক কর্মসূচিতে সহায়তা পাবে বাংলাদেশ।
কিন্তু বাস্তবতা বলছে, এত দিন ফিফার ‘গোল প্রজেক্ট’ নামের অবকাঠামোগত প্রকল্পের সুযোগটা বাংলাদেশ নিজেদের ব্যর্থতায় ঠিকমতো নিতে পারেনি। গত আট-নয় বছরে বাংলাদেশ যেখানে মাত্র দুটি টার্ফ নিতে পেরেছে, ভুটানের মতো দেশ নিয়েছে গোটা পাঁচেক। নেপাল আরও বেশি। সেসব দেশে আসলে বাংলাদেশের মতো আমলাতান্ত্রিক জটিলতা নেই, সরকারি জমি পেতে পাঁচ-ছয় বছর লাগে না। যে কারণে তৃণমূল ফুটবলে তারা দ্রুত উন্নতি করছে। বাংলাদেশ পড়ে আছে পেছনে।
ফিফার সহায়তা ঠিকঠাক না নিতে পারলে বাংলাদেশের খুব বেশি উৎফুল্ল হওয়ার কিছু নেই, বলছেন অনেকে। যদিও অনগ্রসর দেশগুলোর কথা ভেবেই এবার সদস্যদেশগুলোর বার্ষিক অনুদান আড়াই লাখ ডলার থেকে কার্যত সাড়ে ১২ লাখ ডলারে নিয়ে গেছে ফিফা, এর মধ্যে পাঁচ লাখ ডলার পাওয়া যাবে প্রকল্প জমা দেওয়ার ওপর।
এই প্রকল্পভিত্তিক কর্মসূচি নিয়ে সাজি প্রভাকরণের সঙ্গে সভার পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বললেন, ‘অগ্রাধিকার তালিকার যুব ফুটবল উন্নয়ন আর একাডেমি তো আছেই, জাতীয় দলকেও রাখতে চাই শুরুতেই। জাতীয় দলের কোচও ফিফার এই কর্মসূচির আওতায় পড়ে। পেশাদার লিগের জন্যও সহায়তা চাইব। টার্ফ, জিমনেসিয়ামও আছে চিন্তাভাবনায়। তা ছাড়া জেলাগুলোর কথাও ভুলে যাচ্ছি না। আসলে আমি সব সহায়তা একবারেই চাওয়ার পক্ষে।’
তবে ফিফা সহায়তা দেবে ধাপে ধাপে। প্রভাকরণ সেটাই বললেন, ‘পেশাদার লিগ, অবকাঠামোসহ অনেক বিষয়ই উঠে এসেছে আমাদের আলোচনায়। বাফুফে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই এগোতে চায়। স্বল্প মেয়াদে কিছু করলে সেভাবে ফল আসবে না। বাংলাদেশকে আমরা পরিকল্পনা সাজাতে বলেছি। অগ্রাধিকার ঠিক করা দরকার আগে। দু-তিন মাসের মধ্যে আমরা আবার এসে সব চূড়ান্ত করব।’
কমলাপুরের টার্ফে সমস্যা: কয়েক মাস আগেই ফিফার গোল প্রকল্পের আওতায় কমলাপুর স্টেডিয়ামে স্থাপিত টার্ফে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। কৃত্রিম ঘাসের নিচে থেকে পাথরকুচিগুলো কিছু জায়গায় ওপরে উঠে এসেছে। ফুটবলারদের জন্য যা ক্ষতির কারণ হতে পারে। সমস্যা সমাধানে প্রভাকরণ দ্রুতই ফিফা থেকে একজন টার্ফ বিশেষজ্ঞ পাঠানোর আশ্বাস দিয়েছেন বাফুফেকে।