জাতীয় দলকে বিদায় শোয়েইনির

নিজের প্রজন্মের সেরা মিডফিল্ডারদের একজন। জার্মানির মধ্যমাঠের প্রাণভোমরা হয়ে আছেন প্রায় এক যুগ। এখন ‘আছেন’ নয়, বলতে হবে ‘ছিলেন’। কেননা বাস্তিয়ান শোয়েনস্টাইগার আন্তর্জাতিক ফুটবলকে বলে দিয়েছেন বিদায়। শোয়েনস্টাইগারের অবসর নেওয়া মানে জার্মান-শৌর্যের উজ্জ্বলতম প্রতীকগুলোর একটিকে হারিয়ে ফেলা! ৩১ বছর বয়সী মিডফিল্ডার কালই জানিয়ে দিয়েছেন, জার্মানির সাদা-কালো জার্সি গায়ে আর দেখা যাবে না তাঁকে!
শুধু একজন মিডফিল্ডার নন, ‘শোয়েইনি’ ছিলেন জার্মানি ফুটবল দলের অবিসংবাদিত নেতাও। অধিনায়কের বন্ধনী পাকাপাকিভাবে হাতে উঠেছে গত বিশ্বকাপের পর, তবে শোয়েইনি অঘোষিত অধিনায়ক ছিলেন আরও আগে থেকেই। ফর্মের সঙ্গে যুঝছেন অনেক দিন, গত দুই বছর চোট তাঁকে নিয়মিত খেলতে দেয়নি। এই তো মাস চারেক আগেও ইতালির সঙ্গে জার্মানির প্রীতি ম্যাচে দর্শক হয়ে ছিলেন। ওই সময় অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর স্যামি খেদিরার কথাটাই বলে দেয়, জার্মানির জন্য শোয়েনস্টাইগার কতটা গুরুত্বপূর্ণ, ‘যে যা-ই বলুক, শোয়েইনস্টাইগার এখনো আমাদের অধিনায়ক।’
শোয়েনস্টাইগার চাইলে জাতীয় দল থেকে অবসর নিয়ে নিতে পারতেন বিশ্বকাপের পরপরই। সতীর্থ ফিলিপ লাম যেমন বিশ্বকাপ শেষেই জাতীয় দলকে ছেড়ে বেছে নেন ক্লাব ফুটবলকে। শোয়েনস্টাইগারের জন্য সেটাই হয়তো ভালোও হতো। চোটের সঙ্গে কম লড়াই তো আর করেননি! কিন্তু জার্মানির জার্সিটা তুলে রাখতে পারেননি। চোট কাটিয়ে ইউরোতে খেলেছেন, স্বপ্ন ছিল ট্রফিটাকে জার্মানিতে ফিরিয়ে আনবেন। বিশ্বকাপ জিতলেও ইউরো একটা দীর্ঘশ্বাসই হয়ে থাকল তাঁর কাছে। নিজের ফেসবুক পেজে শোয়েনস্টাইগার লিখেছেন, ‘লো (জার্মানি কোচ জোয়াকিম লো) জানতেন ইউরো ২০১৬ আমার কাছে কতটকু। আমি যেকোনো মূল্যেই এটা জিততে চেয়েছিলাম। ১৯৯৬ সালের পর থেকে জার্মানি এটি পায়নি। কিন্তু এটা আর পেলাম না, ব্যাপারটা আমাকে মেনে নিতে হচ্ছে।’
তবে যা পেয়েছেন সেটাই বা কজন পায়? জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ের স্মৃতিটা এখনো তরতাজা শোয়েনস্টাইগারের কাছে, ‘২০১৪ বিশ্বকাপ ছিল আমার কাছে ঐতিহাসিক ও আবেগময় একটা মুহূর্ত। যেটা আমি আর পাব না। আমার মনে হচ্ছে, ক্যারিয়ার শেষ করার জন্য এটাই আমার জন্য আদর্শ সময়। আমি ২০১৮ বিশ্বকাপ ও সেটির বাছাইপর্বের জন্য দলকে শুভকামনা জানাচ্ছি।’
জার্মানির হয়ে ১২০টি ম্যাচ খেলেছেন। তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে শুধু লুকাস পোডলস্কি, মিরোস্লাভ ক্লোসা ও লোথার ম্যাথাউসের। পুরো জার্মানির হয়েই যেন শোয়েইনিকে ধন্যবাদ দিলেন লো, ‘আমার সব সময়ই মনে হয়েছে, সে জাতীয় দলের জন্য সম্ভাব্য সবকিছুই করেছে। কোচ হিসেবে আমি ওর কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। সে যা করেছে, তার জন্য ওকে শুধু ধন্যবাদই দিতে পারি।’ এএফপি।
জার্মানির শোয়েনস্টাইগার
১২০ ম্যাচ
২৪ গোল
২০১৪ ফিফা বিশ্বকাপ জয়
২০০৮ ইউরো রানার্সআপ