জাতীয় দলের খেলায় ক্লাবের উদ্বেগ
বাংলাদেশ সময় পরশু সকালে আর্জেন্টিনার ম্যাচে চোটে পড়ে সার্জিও আগুয়েরো মাঠের বাইরে গেলেন এক মাসের জন্য, রাতে স্পেনের হয়ে চোট পেয়ে দুই-তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ডেভিড সিলভা। দল দুটির ক্ষতি হয়েছে, কিন্তু কপালে নতুন দুটি ভাঁজ পড়েছে ম্যানুয়েল পেলেগ্রিনির! দুজনই যে তাঁর ক্লাব ম্যানচেস্টার সিটির খেলোয়াড়। আন্তর্জাতিক ম্যাচ চলবে আরও তিন দিন। নতুন করে আর কেউ চোটে না পড়েন, এমন প্রার্থনায় এরই মধ্যে হয়তো বসে গেছেন পেলেগ্রিনি।
রাফায়েল বেনিতেজ তো খেপেই গেছেন দিদিয়ের দেশমের ওপর। রিয়াল মাদ্রিদ বারবার নিষেধ করা সত্ত্বেও বৃহস্পতিবারের প্রীতি ম্যাচে বেনজেমাকে পুরো সময় খেলাতে চেয়েছিলেন ফ্রান্স কোচ। ৮০ মিনিটের সময় চোট পেয়ে দুই-তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে যেতে হলো রিয়াল স্ট্রাইকারকে। এদিকে ভেনেজুয়েলা ম্যাচের আগে চোট থেকে সেরে উঠতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছেন গত ম্যাচেই চোট পাওয়া ব্রাজিলের ডেভিড লুইজও। রয়টার্স।