জাতীয় দলের জন্য স্ট্রাইকার বানাচ্ছেন ইংলিশ কোচ!

ঘরোয়া লিগে আবাহনীর হয়ে খেলেছে রাইটব্যাক হিসেবে। ২০১৫ সাফে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে তার ভূমিকা ছিল উইংয়ে। সিলেটের প্রতিভাবান সাদউদ্দিনকে এখন স্ট্রাইকার বানানোর চেষ্টা করছেন জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে।
স্ট্রাইকার সমস্যাটা বাংলাদেশের ফুটবলের একটি ব্যাধিই। আমাদের স্ট্রাইকাররা গোল করতে পারেন না। স্ট্রাইকার সমস্যার কারণে কত আন্তর্জাতিক ম্যাচে যে বাংলাদেশ হেরেছে, তার হিসেব নেই। জাতীয় ফুটবল দলের নতুন ইংলিশ কোচ জেমি ডেরও চোখে পড়েছে ব্যাপারটি। তাই জাতীয় দলের ক্যাম্পেই তিনি নতুন স্ট্রাইকার ‘তৈরি’ করছেন। ঘরোয়া লিগে আবাহনীর হয়ে রাইটব্যাক পজিশনে খেলা সাদউদ্দিনকে তিনি খেলাতে চান গোল করার ভূমিকায়।
সিলেটে ২০১৫ সালে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় সেবার নজর কেড়েছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশের সেই অনূর্ধ্ব-১৫ দলটিকে একসঙ্গে ধরে রাখার কোনো কার্যক্রম হাতে না নেওয়ায় প্রতিভাদের অনেকেই হারিয়ে গেছে। তবে সেই দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিল এই সাদ।
দরজায় কড়া নাড়ছে এশিয়ান গেমস ও সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। প্রস্তুতি চলছে জাতীয় ফুটবল দলের। কাতারে প্রায় দুই সপ্তাহের অনুশীলন শেষে দেশে ফিরে আজ রাতেই অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের জন্য দক্ষিণ কোরিয়া যাচ্ছে দল। জেমি সে দলে সাদকেই গড়ে তুলছেন ‘নম্বর নাইন’ হিসেবে।
জাতীয় দলের মূল স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন ও তৌহিদুল আলম সবুজের চোট। বাকি যাঁরা আছেন, তাঁদের অবস্থা খুব একটা ভালো নয়। এ অবস্থায় ইংলিশ কোচ মনে করেন, সাদের মধ্যে একজন স্ট্রাইকারের সব গুণই আছে। সে কি পারবে গোল বের করার দায়িত্বে নিজেকে মেলে ধরতে?
গতকাল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জাতীয় দল। ১-১ গোলে ড্র হওয়া সে ম্যাচে সাদ খেলেছেন একটু ভিন্ন ভূমিকায়। স্ট্রাইকার হিসেবে খেললেও তাঁর ভূমিকাটা ছিল প্রতিপক্ষের রক্ষণ সেনাদের ব্যতিব্যস্ত রাখা! অনেকবারই একটু নিচে নেমে এসে বল দখলে নিয়ে ওপরে ওঠার চেষ্টা করেছে সে। উইঙ্গারদের দিয়েও সে সুযোগ তৈরি করেছে বেশ কয়েকটি। অ্যাটাকিং থার্ডও বল হোল্ড করলেন। তবে গোল করার যে মূল ভূমিকাটা, সেটিতে একটু নড়বড়েই দেখা গেল তাকে। সারা বছর প্রতিপক্ষের ফরোয়ার্ডদের পাহারা দিয়ে হুট করে স্ট্রাইকার বনে গেলে যা হয় আর কি!
তবে এশিয়ান গেমসের আগে সমস্যাটা কাটিয়ে ওঠা যাবে বলে মনে করছেন সাদ, ‘লিগে রাইটব্যাক হিসেবে খেলা স্ট্রাইকার হিসেবে খেলাটা একটু কষ্টই। তবে আমি ধীরে ধীরে মানিয়ে নিতে চেষ্টা করছি। যেহেতু আগে আমি ফরোয়ার্ড পজিশনেই খেলতাম। আরেকটু সময় পেলে দলের সঙ্গে সেট হয়ে যেতে পারব।’
সাদকে পাক্কা গোল শিকারি বলা না গেলেও সে যে গোল করতে পারে, তা কিন্তু প্রমাণিত। সিলেটে অনূর্ধ্ব–১৬ সাফেই সেটি দেখা গেছে। গত বছর এএফসি কাপে ভারতের বেঙ্গালুরু এফসির বিপক্ষেও সাদ দুর্দান্ত একটি গোল করেছিল ডাইভিং ভলিতে। বাংলাদেশ দলের কোচ হিসেবে নতুন হলেও এসব তো আর অজানা নেই ইংলিশ কোচ জেমির। তাই সাদকে নিয়েও তিনি আশাবাদী, ‘ছেলেটা তরুণ। সময় দিতে হবে। তাঁর গোল করার দক্ষতা ভালো। এখন শুধু তাঁকে নিয়ে বেশি করে কাজ করতে হবে।’
সাদ ছাড়াও ‘নাম্বার নাইন’ হিসেবে কোচের ভাবনাতে আছেন শাখাওয়াত রনি ও মতিন মিয়া। গতকাল জামালের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে তাদেরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছেন কোচ। কিন্তু উজ্জ্বল ছিল সাদই। এখন দেখার অপেক্ষা এশিয়ান গেমস ও সাফ ফুটবলের মূল মঞ্চে কী করতে পারেন জুনিয়র সাফের নায়ক? আগামী মাসের ১৮ তারিখ থেকে ইন্দোনেশিয়ায় শুরু হবে এশিয়ান গেমস। এরপরে ৪ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু সাফ ফুটবল।