সদ্য সমাপ্ত ইউরোতে কোচিং দর্শনে একটা পরিবর্তন ফুটে উঠেছে। বেশ কয়েকটি দলই রক্ষণ সাজিয়েছে তিন সেন্টারব্যাককে নিয়ে। ইউরোপের হাওয়া বাংলাদেশের ফুটবলেও কিছুটা লেগেছে। কোচ যদি হন ইংলিশ, তাহলে তো সে পথে হাঁটারই কথা! আজ প্রথমবারের মতো তিন সেন্টারব্যাক নিয়ে রক্ষণ সাজিয়েছিলেন সাইফ স্পোর্টিংয়ের কোচ স্টুয়ার্ট হল।
কিন্তু প্রতিপক্ষ যে শেখ জামাল ধানমন্ডি! প্রতিপক্ষের রক্ষণভাগ যতই আঁটসাঁট থাকুক, এবারের লিগে শেখ জামালের চার বিদেশি ফরোয়ার্ডের সামনে বেশির ভাগ সময়ই তা পাত্তা পায়নি। সাইফও ঠেকিয়ে রাখতে পারেনি শেখ জামালের চার বিদেশিকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের ম্যাচটি আজ ২-১ গোলে জিতেছে শেখ জামাল। একটি করে গোল করেছেন পা ওমর জোবে ও ভালি জনভ ওতাবেক। সাইফের হয়ে পেনাল্টি থেকে ব্যবধান কমিয়েছেন জন ওকোলি।
সাইফের তিন সেন্টারব্যাকের মধ্যে বাংলাদেশ জাতীয় দলের দুই ডিফেন্ডার রিয়াদুল হাসান ও ইয়াসিন আরাফাতের সঙ্গে ছিলেন তরুণ তানভির হোসেন। কিন্তু প্রতিরক্ষাব্যবস্থায় তাঁরা কতটা দৃঢ়তা দেখাতে পারতেন, সেই বিশ্লেষণে যাওয়ার সুযোগ হলো না। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে হেড করতে গিয়ে মাথা ফেটে যাওয়ায় হাসপাতালে যেতে হয়েছে অভিজ্ঞ রিয়াদুলকে। ফাটা জায়গায় ছয়টি সেলাই লেগেছে বলে জানা গেছে।
১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে শেখ জামাল। এক ম্যাচ বেশি খেলে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে সাইফ।
রিয়াদুল মাঠে থাকতেই অবশ্য ২৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল শেখ জামাল। অসাধারণ সেভ করে সে যাত্রায় দলকে গোল খাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন সাইফের তরুণ গোলকিপার শান্ত কুমার। ওতাবেকের ক্রসে গোলমুখ থেকে পা ওমর জোবের হেড বাঁ দিকে ঝাঁপিয়ে গোল বাঁচান তিনি।
রিয়াদুল উঠে যাওয়ার পরই সাইফের রক্ষণভাগে ফাঁকফোকরগুলো বড় হয়ে ধরা পড়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে শেখ জামালের প্রথম গোলটি সে কথাই বলছে। গাম্বিয়ান ফরোয়ার্ড সুলাইমান সিল্লাহর পা থেকে বল কেড়ে নিতে এসে ছিটকে পড়লেন তানভির।
তাতে সাইফের রক্ষণের মাঝে ফাঁকা হয়ে গেল, এরপর আলতো রক্ষণচেরা পাস বাড়ালেন সুলাইমান। স্বদেশি পা ওমর জোবের কাজ ছিল শুধু বলটি নিয়ন্ত্রণে নিয়ে পোস্টে রাখা। আর সে কাজ এবারের লিগের প্রথম থেকে করতে পারছেন বলেই জোবের নামের পাশে আজকের ম্যাচের আগে ১৩ গোল লেখা ছিল। সুলাইমানের পাস থেকে গোলের সংখ্যাটা ১৪ করে নিতেও ভুল হলো না তাঁর।
সাইফের দলটি মূলত তারুণ্যনির্ভর। গোলকিপার থেকে শুরু করে প্রতিটি বিভাগেই তারুণ্যের ছোঁয়া। আক্রমণভাগের আগপর্যন্ত নিজেদের সম্ভাবনার প্রতিশ্রুতি প্রমাণ করতে পারলেও অ্যাটাকিং থার্ডে গিয়ে চাপের ভার নিতে পারেন না। জোবের গোলটির আগে সাইফের ফরোয়ার্ড মারাজ হোসেন বক্সের মধ্যে ফাঁকায় থেকেও মাত্র আট গজ দূর থেকে হেড করে পোস্টে রাখতে পারেননি বল।
৫৬ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে সাইফ। নাইজেরিয়ান জন ওকোলির স্টেপ ওভারে জামালের রাইটব্যাক মনির হোসেন মাটিতে লুটিয়ে পড়লে তাঁর হাতে বল লাগে। পেনাল্টি পায় সাইফ। স্পটকিক থেকে বল জালে জড়ান ওকোলিই।
ম্যাচে সমতা এলে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে শেখ জামাল, আর তাদের তো গোল করার মানুষ আছেই। শেষ পর্যন্ত জয়সূচক বনে যাওয়া গোলটিও হলো দৃষ্টিনন্দন ফ্রি-কিকে।
বক্সের একটু বাইরে থেকে উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেকের ফ্রি-কিক ক্রসবারের ভেতরে লেগে ঢোকে জালে, ২-১। এগিয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে সতর্কতা অবলম্বন করেন শেখ জামালের কোচ শফিকুল ইসলাম। বদলি হিসেবে সেন্টারব্যাক কেষ্ট বোসকে নামিয়ে পাঁচ ডিফেন্ডারের কৌশলে চলে যান তিনি। সাইফের ফিরে আসার পথ বন্ধ করতেও সক্ষম হলেন।
এই জয়ে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে শেখ জামাল। এক ম্যাচ বেশি খেলে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে সাইফ।