জাতীয় ফুটবল দল থেকে বাদ সাদ, ৬ বছর পর ফিরলেন নাসিরুল

বাংলাদেশ জাতীয় ফুটবল দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য জাতীয় দল ঘোষণা করেছে বাফুফে। নতুন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার দল থেকে বাদ পড়েছেন প্রথাগত ফরোয়ার্ড সাদ উদ্দিন। বেশ কয়েক বছর ধরে জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন তিনি। কাবরেরার দলে বড় চমক হয়ে এসেছেন ডিফেন্ডার নাসিরুল ইসলাম। প্রায় ছয় বছর পর জাতীয় দলে ফিরলেন বর্তমানে সাইফ স্পোর্টিংয়ে খেলা এই রাইটব্যাক।

কাবরেরার ২৩ সদস্যের দলে একেবারেই নতুন মুখ সাইফ স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড মারাজ হোসেন ও বাংলাদেশের পুলিশ ফুটবল ক্লাবের লেফটব্যাক ঈসা ফয়সাল।

সবচেয়ে বড় চমকটা নাসিরুলের ফেরাই। ২০১৬ সালে এশিয়ান কাপের প্রাক্‌-বাছাইয়ে তাজিকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন দেশের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার নাসিরুল ইসলাম। তাঁর সমসাময়িক প্রায় সব খেলোয়াড় জাতীয় দল থেকে ছিটকে গেছেন, আর তিনি লিখলেন ফিরে আসার গল্প। তিনি ছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে ফিরেছেন উইঙ্গার জাফর ইকবাল। বর্তমানে মোহামেডানে খেলছেন তিনি।

২৪ মার্চ মালেতে স্বাগতিক মালদ্বীপ ও ২৯ মার্চ সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা। এর আগে ১৮ মার্চ সন্ধ্যায় শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ২২ মার্চ মালের উদ্দেশে ঢাকা ছাড়বেন কাবরেরার দল।

জাতীয় দল

গোলকিপার : আনিসুর রহমান, শহিদুল আলম ও আশরাফুল ইসলাম।

রক্ষণভাগ: তারিক কাজী, নাসিরুল ইসলাম, টুটুল হোসেন, ঈসা ফয়সাল, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, ইয়াছিন আরাফাত ও রায়হান হাসান।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, বিপলু আহমেদ, মাসুক মিয়া, আতিকুর রহমান, জুয়েল রানা, মারাজ হোসেন।

ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, রাকিব হোসেন, জাফর ইকবাল ও নাবিব নেওয়াজ।