জাতীয় সংগীত অবমাননা পিকের!

আবারও বিতর্কের কেন্দ্রে জেরার্ড পিকে। এবার তিনি বিতর্কে জড়িয়েছেন নিজ দেশের জাতীয় সংগীতকে ঘিরে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের শেষ গ্রুপ ম্যাচে জাতীয় সংগীতের সময় তিনি অশ্লীল ভঙ্গি করেছেন বলে অভিযোগ উঠেছে। পিকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন দৃঢ় কণ্ঠেই।
বার্সেলোনা তারকা পিকে আগে থেকেই বেশ খোলাখুলিভাবে নিজেকে কাতালান স্বাধীনতার সমর্থক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যদিও তিনি স্পেনের হয়ে এখন পর্যন্ত ৭৮টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন। স্পেনের হয়ে গায়ে মেখেছেন বিশ্বকাপ ও দুটি ইউরো জয়ের গৌরব। নিজের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ অস্বীকারই করেছেন তিনি। এক টুইটার বার্তায় লিখেছেন, ‘যেখানে কোনো বিতর্ক নেই, সেখানে অযথা বিতর্ক উসকে দেওয়া ঠিক নয়। আমাদের উচিত এসব বিতর্ক থেকে দূরে থাকা, আর সকলে মিলে আরও একবার ইউরোপ-সেরা হওয়ার চেষ্টা করা।’
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা পিকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে অভিহিত করেছে ‘দুঃখজনক’ হিসেবে। মার্কা অবশ্য পিকের বেশ কড়া সমালোচকই। এর আগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে করা পিকের বেশ কয়েকটি কটূক্তির তীব্র সমালোচক ছিল পত্রিকাটি।
এ ব্যাপারে কোনো কথা বলতে চাননি স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। তাঁকে পিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি বেশ বিরক্তির সঙ্গেই বলেছেন, ‘আমি এখানে আছি ফুটবল নিয়ে কথা বলার জন্য। কোনো আজেবাজে বিষয় নিয়ে কথা বলার জন্য নয়।’
গুরুতর অভিযোগ উঠলেও এবারের ইউরোতে স্পেনের জার্সিতে কিন্তু দুর্দান্ত খেলছেন পিকে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রতিযোগিতার প্রথম ম্যাচে তাঁর গোলেই জয় পায় স্পেন। সূত্র: এএফপি।