জাদুঘর বানাবেন রোবেন

একজন তারকা ফুটবলারের জীবনে কত কাপ-মেডেলই না থাকে। কাপ-মেডেলের বাইরে তাঁর সংগৃহীত স্যুভেনিরের সংখ্যাও নেহাতই কম নয়। লোকজনকে দিয়ে-থুয়েও সেই পুরস্কার আর স্যুভেনির তাঁর বাড়ির একটা বড় অংশই দখল করে রাখে। খেলোয়াড়ি জীবন শেষে সেই স্যুভেনিরগুলো অযত্ন-অবহেলাও কম হয় না। অথচ, সেগুলো যদি বাইরের লোকজনের দর্শনের জন্য উন্মুক্ত থাকে, তাহলে সেটা বাণিজ্যিকভাবেও লাভবান হতে পারে। হল্যান্ড-তারকা আরিয়েন রোবেনের মাথায়ও সম্প্রতি এ ধরনেরই একটা ভাবনা এসেছে। এযাবৎ তাঁর পুরস্কার ও অন্যান্য সংগ্রহের একটা ‘ঐতিহাসিক মূল্যে’র কথা বিবেচনা করেই খেলোয়াড়ি জীবন শেষে একটি জাদুঘর বানানোর পরিকল্পনা করেছেন এই ডাচ তারকা।
জাদুঘরটি কেন হবে—তার ব্যাখ্যা তিনি দিয়েছেন জার্মানির বিখ্যাত বিল্ড পত্রিকায়, ‘খেলোয়াড়ি জীবনে অনেক পুরস্কার পেয়েছি। অসংখ্য স্যুভেনির সংগ্রহ করেছি। প্রতিপক্ষের বিখ্যাত সব তারকা ফুটবলারের কাছ থেকে পাওয়া জার্সিগুলো সযত্নে রেখে দিয়েছি। ভাবছি খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিয়ে এগুলো দিয়ে একটা জাদুঘর করব।’ খেলোয়াড়ি জীবন শেষে নিজের দেশে থিতু হওয়ার পরপরই এই জাদুঘরটি করবেন বলে জানিয়েছেন রোবেন।
বাণিজ্যিকভাবে অবশ্য সেই জাদুঘর চালানোর কোনো পরিকল্পনা নেই রোবেনের, ‘আমি জাদুঘরটি করব নিজের আনন্দের জন্যই। আগামী প্রজন্মের জন্য। আমার কাছে ২০১৩ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ব্যবহৃত বলটি আছে। আমি চাই এ ধরনের অসংখ্য ঐতিহাসিক স্যুভেনির আমার বাড়ির ভেতর পড়ে না থাকুক। মানুষ সেগুলো দেখে আনন্দ পাক।’
জিনিসগুলো সঠিকভাবে সংরক্ষণও তাঁর জাদুঘর প্রতিষ্ঠার একটি উদ্দেশ্য, ‘যেনতেনভাবে পড়ে থাকলে ওগুলো নষ্ট হয়ে যেতে পারে। ওই জিনিসগুলো তো অবশ্যই নষ্ট হয়ে যাওয়ার মতো নয়। জাদুঘর বানালে ভালোভাবেই জিনিসগুলোর সংরক্ষণ সম্ভব।’ সূত্র: এএফপি।