রাজত্বটা এখানেও মেসি-রোনালদোর। সর্বশেষ উয়েফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন লিওনেল মেসি। তার আগেরবার ক্রিস্টিয়ানো রোনালদো। এবার নতুন কাউকে দেখা যাবে? নাকি এই দুইয়ের কারও হাতে উঠবে ইউরোপ-সেরার পুরস্কার? উত্তরটা জানতে অপেক্ষা করতে হবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। উয়েফা কাল প্রকাশ করেছে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা।
উয়েফা বর্ষসেরার পুরস্কার মেসির হাতে উঠেছে দুবার, রোনালদোর একবার। ইউরোজয়ী পর্তুগিজ স্ট্রাইকারের সামনে ‘স্কোর’ সমান করার সুযোগ। মেসি-রোনালদোর সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আছেন সর্বশেষ ইউরোয় আলো ছড়ানো ওয়েলশ উইঙ্গার গ্যারেথ বেল, আছেন ফরাসি স্ট্রাইকার আঁতোয়ান গ্রিজমানও। ইউরোর পারফরম্যান্স দিয়ে এ তালিকায় জায়গা করে নিয়েছেন পর্তুগিজ ডিফেন্ডার পেপেও। মেসির বার্সা-সতীর্থ লুইস সুয়ারেজও আছেন সংক্ষিপ্ত তালিকায়। এএফপি।
তালিকাটি তিনজনে নেমে আসবে ৫ আগস্ট। ২৫ আগস্ট মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের দিন জানা যাবে বিজয়ীর নাম।
সেরা দশে আছেন যাঁরা
ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, গ্যারেথ বেল, লুইস সুয়ারেজ, জিয়ানলুইজি বুফন, আঁতোয়ান গ্রিজমান, টনি ক্রুস, টমাস মুলার, ম্যানুয়েল নয়্যার, পেপে।