জানুয়ারিতেই বঙ্গবন্ধু কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল হবে—খবরটা পুরোনো। এবার সময়টাও মোটামুটি চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাল বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হবে আন্তর্জাতিক এই ফুটবল টুর্নামেন্ট।
এরই মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে পাঁচটি দল—মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, লাওস, বাহরাইন। তবে আরও দুটি দল বাড়তে পারে। বঙ্গবন্ধু গোল্ডকাপ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের পর এবার আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বেসরকারি এই টেলিভিশন চ্যানেল। এ জন্য তারা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের প্রধান পৃষ্ঠপোষক হতেও রাজি হয়েছে। পৃষ্ঠপোষক হিসেবে তারা পাঁচ বছরের জন্য বাফুফের সঙ্গে চুক্তি করবে। আগামী তিন-চার দিনের মধ্যেই চুক্তির সব প্রক্রিয়া শেষ করবে দুই পক্ষ। চ্যানেল নাইন প্রতিবছর বাফুফেকে দেবে ৬ কোটি টাকা।
সম্প্রতি ঢাকার বাইরের ফুটবলের জনপ্রিয়তা দেখে এবার বাফুফে দুটি ভেন্যুতে বঙ্গবন্ধু কাপ আয়োজনের বিষয়টি ভাবছে। সে ক্ষেত্রে ঢাকায় একটি গ্রুপের খেলা হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে, অন্য গ্রুপের খেলাগুলো হতে পারে ঢাকার বাইরে।