জান্তব গাড়ি
ইউরোতে দুর্দান্ত খেলেছেন, দলও শিরোপা জিতেছে। পর্তুগালের ফুটবল ইতিহাসই নতুন করে লেখা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর সৌজন্যে। দেশকে ফুটবলের প্রথম বড় শিরোপা এনে দেওয়া বীরত্বের পর নিজেকেই এবার পুরস্কৃত করলেন পর্তুগিজ অধিনায়ক। কিনেছেন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির গাড়ির একটি—বুগাট্টি ভেরনের ১৬.৪ গ্র্যান্ড স্পোর্ট সংস্করণ। দাম? ১২ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৪৮ লাখ টাকা! তা বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার তিনি, এমন দামি গাড়ি তো কিনতেই পারেন। কিন্তু গাড়িটির বিশেষত্ব এখানেই যে, বুগাট্টি এই সংস্করণের গাড়ি বানিয়েছেই সাকল্যে ৪৫০টি! গাড়িটিকে ইনস্টাগ্রামে রোনালদো পরিচিত করিয়েছেন ‘জন্তু’ নামে। অবশ্য ঘণ্টায় সর্বোচ্চ ৪১০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম, মাত্র ২.৬ সেকেন্ডেই শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে পারা গাড়ির পরিচয় আর কী হতে পারে? ডেইলি মেইল।