জাপান অলিম্পিক দল আসছে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বরের শেষ সপ্তাহে দুটি প্রীতি ম্যাচ খেলতে জাপান অলিম্পিক ফুটবল দল ঢাকা আসবে। জুরিখে ফিফার বিপণন কমিটির সভায় যোগ দিয়ে ঢাকা ফিরে কাল এ খবর দিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘জুরিখে জাপান ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা ডিসেম্বরে বাংলাদেশে দল পাঠাবে। এর আগে কথা ছিল, জানুয়ারিতে বঙ্গবন্ধু কাপে জাপান খেলতে আসবে। কিন্তু জানুয়ারিতে জাপানের ব্যস্ত সূচি আছে।’

উল্লেখ্য, আগামী মাসে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা জাতীয় দল। ২৪ ও ২৭ অক্টোবর ওই দুটি ম্যাচের জন্য কোচ লোডভিক ডি ক্রুইফ জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম ও ডেনমার্কপ্রবাসী মিডফিল্ডার জামাল ভূঁইয়াকে দলে চেয়েছেন। তাঁর চাওয়া পূরণ না-ও হতে পারে। ভারতের আইএসএলে খেলতে কলকাতার অ্যাটলেটিকো ডি মাদ্রিদের সঙ্গে অনুশীলনে থাকার কথা মামুনুলের। জামাল ফিরে গেছেন ডেনমার্কে।

এর আগে বাফুফে জানিয়েছিল, নভেম্বরেও প্রীতি ম্যাচ হবে দেশের মাটিতে। সে লক্ষ্যে পাকিস্তানকে আমন্ত্রণও জানানো হয়। পাকিস্তান আসতে পারবে না জানানোর পর হাত বাড়ানো হয় মালদ্বীপের দিকে। তবে কাল সালাউদ্দিন জানালেন, নভেম্বরে ম্যাচ আয়োজনের চিন্তা আপাতত বাদ দেওয়া হচ্ছে।