জাপান নিয়েও চিন্তিত বেলজিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমেলু লোকাকু , হ্যাজার্ডদের দিকেই আজ তাকিয়ে আছে বেলজিয়াম। ছবিঃ এএফপি
রোমেলু লোকাকু , হ্যাজার্ডদের দিকেই আজ তাকিয়ে আছে বেলজিয়াম। ছবিঃ এএফপি
>সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরার মিশনে প্রথম পর্বটা দারুণভাবেই পেরিয়ে এসেছে বেলজিয়াম, নকআউট পর্বে আজ প্রথম বাধা জাপান। শেষ ষোলোতে টিকে থাকা দলগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে সহজ প্রতিপক্ষই পেয়েছেন হ্যাজার্ড-লুকাকুরা। তবু ম্যাচটি নিয়ে চিন্তার কমতি নেই রেড ডেভিলদের

বিশ্বকাপ শুরুর আগে অনুচ্চ স্বরে কেউ কেউ বলেছেন হয়তো। তবে নামে আর ট্রফির ভারে বিশ্ব ফুটবলের ঐতিহ্যবাহী সব দলকে পেছনে ফেলে বেলজিয়ামের হাতে ট্রফি দেখার দুঃসাহস খুব বেশি মানুষ বোধ হয় করেননি। এখন করতে পারেন। ঘটন-অঘটনের বিশ্বকাপে, পরিবর্তিত পরিস্থিতিতে বেলজিয়ামকে ফেবারিটদের তালিকায় রাখাটা একটুও বাড়াবাড়ি শোনাচ্ছে না।

সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরার মিশনে প্রথম পর্বটা দারুণভাবেই পেরিয়ে এসেছে বেলজিয়াম, নকআউট পর্বে আজ প্রথম বাধা জাপান। শেষ ষোলোতে টিকে থাকা দলগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে সহজ প্রতিপক্ষই পেয়েছেন হ্যাজার্ড-লুকাকুরা। একটু কি স্বস্তি কাজ করছে তাতে?

অবশ্য আত্মতুষ্টিতে ভোগার শাস্তি কী হতে পারে, সেটা বেলজিয়ামের ‘সোনালি প্রজন্মের’ ভালোই জানা। ২০১৬ ইউরোতে ফেবারিটের তকমা নিয়েই ফ্রান্সে গিয়েছিল বেলজিয়াম। কিন্তু শক্তির বিচারে দুর্বল ওয়েলসের বিপক্ষে ৩-১ গোলে হেরে সেবার কোয়ার্টার ফাইনাল থেকেই বাড়ি ফিরতে হয়েছিল রেড ডেভিলদের। আরেকটি নকআউট ম্যাচের আগে সতীর্থদের ওই তেতো স্মৃতিই মনে করিয়ে দিচ্ছেন মিডফিল্ডার দ্রিস মের্তেন্স, ‘ওয়েলসের বিপক্ষে ম্যাচের কথা আমার মনে আছে। সবাই ভেবেছিল, আমরা সহজেই সেমিতে উঠে যাব। কোনো সমস্যাই হবে না। তারপর আমরা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলাম।’ সঙ্গে প্রতিপক্ষের প্রতি রেওয়াজমাফিক শ্রদ্ধাও জানিয়ে রাখলেন মের্তেন্স, ‘আমরা জাপানকে মোটেও হালকাভাবে নিচ্ছি না। তারা শক্ত প্রতিপক্ষ। এই পর্যন্ত (শেষ ষোলো) এসেছে মানে তারা ভালো দল।’

কাগজে-কলমে দুই দলের পার্থক্য বিস্তর। এই বিশ্বকাপে টানা তিন জয় নিয়ে দ্বিতীয় পর্বে ওঠা তিন দলের একটি বেলজিয়াম। গ্রুপ পর্বে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল (৯ গোল) করা দলের নামও বেলজিয়াম। এডেন হ্যাজার্ড দুর্দান্ত ফর্মে আছেন। রোমেলু–লুকাকু ৪ গোল নিয়ে আছেন গোল্ডেন বুটের দৌড়ে। গোড়ালির চোটে ইংল্যান্ডের বিপক্ষে না খেলা লুকাকু চোট কাটিয়ে থাকবেন জাপানের বিপক্ষে। কুঁচকির চোট কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বদলি নামা ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানিও ফিরতে পারেন শুরুর একাদশে।

জাপানের গল্পটা একটু অন্য রকম। প্রথম ম্যাচে দারুণ ফুটবল উপহার দিয়ে কলম্বিয়ার বিপক্ষে জয়, প্রথম এশীয় দেশ হিসেবে বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার কোনো দেশকে হারানোর কীর্তি। পরের ম্যাচে সেনেগালের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ড্র করল নীল সামুরাইরা। শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরেও ফেয়ার প্লে পয়েন্টে সেনেগালকে পেছনে ফেলে দ্বিতীয় পর্বে উঠেছে জাপান।

এবার নতুন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে জাপান। ২০০২ ও ২০১০ বিশ্বকাপে দ্বিতীয় পর্বে উঠলেও একবারও শেষ আটে ওঠা হয়নি নীল সামুরাইদের। এবার কাগাওয়া-হোন্ডাদের ফর্ম স্বপ্ন দেখাচ্ছে। প্রতিপক্ষ বেলজিয়ামের সক্ষমতা জানা থাকলেও কুঁকড়ে যাচ্ছে না জাপান। সেনেগালের বিপক্ষে গোল করা মিডফিল্ডার তাকাশি ইনুই পরশু অনুশীলন শেষে যেমন বললেন, ‘বেলজিয়ামের বিপক্ষে আমরা পাসিং ফুটবল খেলতে চাই এবং প্রভাব বিস্তার করতে চাই। আমার কাছে বেলজিয়াম দল মানে হলো তিনজন ডিফেন্ডার, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং খুবই আক্রমণাত্মক দুই উইং। আমার মনে হয় দুই উইংয়ের পেছনে ফাঁকা জায়গা থাকবে।’

তো সেই ফাঁকা জায়গা থেকে বল নিয়ে গোল করে বেলজিয়ামকে চমকে দিতে পারবেন বিশ্বকাপে টিকে থাকা এশিয়ার একমাত্র প্রতিনিধিরা? প্রেরণার জন্য অবশ্য ১৬ বছর আগে নিজেদের দেশে আয়োজিত বিশ্বকাপে ফিরে যেতে পারেন তাঁরা। বিশ্বকাপে বেলজিয়ামের সঙ্গে একমাত্র সাক্ষাতে সেবার ২-২ গোলে ড্র করেছিল জাপান।