জাপানি কোচের সাফ-চ্যালেঞ্জ

সপ্তাহ খানেক আগে ঢাকায় এলেও গণমাধ্যমকে এড়িয়েই চলেছেন। কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করে জাতীয় মহিলা দলের নতুন কোচ সুকিতাতে নরিওকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। আর কালই প্রথম গণমাধ্যমের সঙ্গে কথা বললেন নরিও।
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) দেওয়া এই কোচ আপাতত কাজ করবেন মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত। আগামী ১-১৫ নভেম্বর পাকিস্তানে হবে এই প্রতিযোগিতা। মাত্র এক মাসের দায়িত্বে ভালো কিছু করা সম্ভব নয়—এই বাস্তবতা জেনেও বাংলাদেশের হয়ে চ্যালেঞ্জটা নিচ্ছেন নরিও, ‘আমি চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। কারণ আমি হারতে পছন্দ করি না। সব সময় জিততে চাই।’
সাফে বাংলাদেশের গ্রুপসঙ্গী ভারত, পাকিস্তান ও নেপাল। বাংলাদেশের চেয়ে যথেষ্টই শক্তিশালী এই দলগুলোর বিপক্ষে মাত্র এক মাসের প্রস্তুতি কি যথেষ্ট? নরিওর স্পষ্ট উত্তর, ‘ফুটবলে এক মাসে কখনোই ভালো কিছু আশা করা যায় না। ফুটবলের উন্নতির জন্য কোনো সংক্ষিপ্ত রাস্তা নেই। এ জন্য দরকার বেশি বেশি ম্যাচ খেলা, ভালো প্রস্তুতি, একজন ভালো কোচ এবং সঠিক পরিকল্পনা।’
এর আগে জে-লিগে কোচের দায়িত্ব পালন করেছেন নরিও। ছিলেন গুয়াম ও লাওস পুরুষ ফুটবল দলের প্রধান কোচ। তবে মহিলা দল নিয়ে এবারই প্রথম কাজ করছেন ৫৪ বছর বয়সী জাপানি ভদ্রলোক। তাঁর কাছে অবশ্য পুরুষ ও মহিলা দলের সঙ্গে কাজের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, ‘ফুটবল তো ফুটবলই। সেটা পুরুষদেরই হোক আর মহিলাদের। সব ক্ষেত্রেই একটাই কথা, জিততে হবে।’
স্থানীয় কোচদের অধীনে গত দুটি সাফে বাংলাদেশ মহিলা দল কোনো সাফল্য পায়নি। এবার জাপানের সহযোগিতায় পাওয়া বিদেশি কোচ কতটুকু সাফল্য এনে দিতে পারবে তা সময়ই বলে দেবে।
পুরুষ ফুটবল দলের মতো মেয়েদের দলেও দীর্ঘমেয়াদি কোচ প্রয়োজন—বিষয়টা উপলব্ধি করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে বিদেশি কোচ নিয়োগের ক্ষেত্রে আরেকটু সচেতন হতে চান তিনি, ‘বিদেশি কোচের সুবিধা-অসুবিধা দুটিই আছে। তাই আপাতত সাফ পর্যন্ত এই কোচের পারফরম্যান্স দেখব। যদি সাফে বাংলাদেশ ভালো করে তাহলে হয়তো ভবিষ্যতে তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করতে পারি।’