জাপানি ফুটবলারকে ‘চীনা বিষ্ঠা’ বলেননি নেইমার

মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে সাকাইয়ের সঙ্গে বাদানুবাদ হয় নেইমারেরছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ ‘লা ক্লাসিক’-এর উত্তাপ ধীরে ধীরে কমে আসছে।


পিএসজি-অলিম্পিক মার্শেই দ্বৈরথ এ নামেই পরিচিত। গত মাসে দুই দলের সর্বশেষ মুখোমুখিতে কী হয়নি! গোল, বাদানুবাদ, হাতাহাতি, হলুদ কার্ড, লাল কার্ড—এসবের পর বর্ণবাদের অভিযোগ ওঠে। ভাবা হয়েছিল, অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তি হতে পারে নেইমার ও স্প্যানিশ ডিফেন্ডার আলভারো গঞ্জালেসের। কর্তৃপক্ষ নিরেট প্রমাণ না পাওয়ায় শেষ পর্যন্ত দুজনেই বেঁচে গেছেন, শাস্তি হয়নি। এরপর নেইমারের বিরুদ্ধে ওঠা বর্ণবাদের অভিযোগও খারিজ করে দিয়েছেন মার্শেইর রাইট ব্যাক হিরোকি সাকাই।

কিছুদিন আগে কাতালান রেডিও ‘কাদেনা সার’ একটি ভিডিও প্রকাশ করে। সেই ভিডিও-র ভিত্তিতে অভিযোগ ওঠে মার্শেই ডিফেন্ডার সাকাইকে অপমান করছেন নেইমার। মার্শেই এর আগে জানিয়েছিল, তাদের কাছে একটি ভিডিও আছে যেখানে দেখা গেছে সাকাইকে ‘চীনা বিষ্ঠা’ বলেছেন নেইমার। এরপর ‘এল লারগুয়েরো’ এবং কাদেনা সার প্রকাশিত ভিডিওতে দাবি করা হয়, সাকাইয়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে তাঁকে ‘দূরে যাও’ এবং ‘চীনা বিষ্ঠা’ বলেছেন ব্রাজিল তারকা। যদিও ফ্রান্সের লিগ ডি ফুটবল প্রফেশনাল (এলএফপি) নেইমারের বিরুদ্ধে ওঠা বর্ণবাদের অভিযোগের পর্যাপ্ত প্রমাণ খুঁজে পাইনি। তাই শাস্তি থেকে বেঁচে যান পিএসজির ব্রাজিল তারকা।

মার্শেইয়ের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন নেইমার
ছবি: এএফপি

সাকাই এবার নিজেই ভাঙলেন নীরবতা। নেইমারের কাছ থেকে তিনি কোনো বর্ণবাদী আচরণের শিকার হননি বলে জানিয়েছেন ইনস্টাগ্রামে। জাপানের এ ফুটবলার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গত দুই সপ্তাহ কঠিন ছিল। তবে অভিযুক্ত দুই খেলোয়াড় শাস্তি না পাওয়ায় ভালো লাগছে। আমাকে কেউ বৈষম্যমূলক কিছু বলেনি। ম্যাচে হালকা যুক্তি-তর্ক হয়েছে এবং একটু আবেগাক্রান্তও হয়েছিলাম। এখন তো সবকিছুর নিষ্পত্তি হলো, সবচেয়ে বড় কথা হলো মার্শেই ম্যাচটা জিতেছে। মার্শেই বনাম পিএসজি ডার্বিতে আমি আবারও নিজের সেরাটাই নিংড়ে দেব।’

গত ১৩ সেপ্টেম্বর পিএসজি-মার্শেই ম্যাচে লাল কার্ড দেখেন মোট পাঁচ ফুটবলার। গঞ্জালেসের মাথায় চাটি মেরে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন নেইমার। তদন্তে সবার ধারণা ছিল, দোষী প্রমাণিত হলে ১০ ম্যাচের বেশি নিষিদ্ধ হতে পারেন নেইমার ও গঞ্জালেস। কিন্তু প্রমাণ না থাকায় বেঁচে গেলেও নেইমারকে নিয়ে বিতর্ক কিন্তু সহসাই থামেনি—সেটি ওই ভিডিও-র জন্য। কিন্তু সাকাইয়ের ইনস্টাগ্রাম পোস্টের পর সে বিতর্কও থেমে গেল।


পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার মার্কিনিওস-ও তাঁর সতীর্থের পক্ষে অবস্থান নিয়েছেন, ‘আমি নেইমারকে জানি। সে কখনো বর্ণবাদী ভাষা ব্যবহার করবে না। আমি ফুটেজ দেখিনি। তবে নেইমারকে যারা চেনে তারা জানে, সে মজা করেও ওসব ভাষা ব্যবহার করবে না। আমি বিশ্বাস করি সে তা করেনি।’