জাপানের পর এবার সিঙ্গাপুর
নামে ডেভেলপমেন্ট টুর্নামেন্ট হলেও মূলত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্যই সিঙ্গাপুরের এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে মেয়েরা। আগামী পরশু সিঙ্গাপুর যাবেন সাবিনারা। ১৬-১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে মালয়েশিয়া ও স্বাগতিক সিঙ্গাপুর। যদিও টুর্নামেন্টের সূচিটা জানাতে পারেনি বাফুফে।
সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশ নেবে বাংলাদেশ। ওই প্রতিযোগিতার আগে মেয়েদের বেশি বেশি প্রস্তুতি ম্যাচ খেলাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই লক্ষ্যেই গত মাসে জাপানে ফুটবল ফেস্টিভ্যালে অংশ নেওয়া। এবার সিঙ্গাপুর অভিযান। সেখানে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় দলের বিপক্ষেও খেলবে বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় দলে সিনিয়র খেলোয়াড় মাত্র চারজন, বাকি সবাই অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের।
এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলের কিটস স্পনসর হয়েছে ওয়ালটন। বাফুফে ভবনে এ উপলক্ষে সমঝোতা স্মারকে সই করেছেন দুই পক্ষের কর্মকর্তারা।
মহিলা দলের সিঙ্গাপুরে যাওয়ার বিমানভাড়া দিতে হচ্ছে বাফুফেকে। গত বছর ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ার পর বিভিন্ন সংস্থা, ব্যাংক ও নানা প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ওই টুর্নামেন্টের উত্তেজনা মিলিয়ে যেতে ওই সব প্রতিষ্ঠানের আগ্রহও যেন আর নেই। তাই ওয়ালটনের সঙ্গে ‘কিট স্পনসরশিপের’ চুক্তি সই করে খুশি বাফুফে।