জাপানের সঙ্গে 'রক্ষণাত্মক' মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপান ম্যাচের আগে মেয়েদের প্রস্তুতি। ছবি: প্রথম আলো
জাপান ম্যাচের আগে মেয়েদের প্রস্তুতি। ছবি: প্রথম আলো

রীতিমতো খাদের কীনারাতে দাঁড়িয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মেয়েদের দল। সেখান থেকেই বাঁচার চেষ্টায় তারা। প্রতিযোগিতার প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৯-০ গোলে হারের পর কাল জাপানের বিপক্ষে খেলা। শক্তিমত্তায় উত্তর কোরিয়ার চেয়ে কোনো অংশেই কম নয় তারা। এখন মেয়েদের কপালে কী লেখা আছে? তাদের জন্য কী অপেক্ষা করছে আরও একটি দুঃস্বপ্ন?
জাপানের বিপক্ষে ‘বাস পার্ক’ নীতিতেই যাবে বাংলাদেশ দল। ওই যে গোলমুখে ভিড় বাড়িয়ে প্রতিপক্ষের আক্রমণ সামাল দেওয়ার চেষ্টা। এ ছাড়া আর কোনো উপায়ই নেই তাদের। দলের অন্যতম সদস্য মিসরাত জাহান মৌসুমীর কণ্ঠেও সেই ইঙ্গিতই, ‘আমরা কাল রক্ষণাত্মক খেলব। স্যারেরা সেভাবেই পরিকল্পনা করেছেন।’
দলে অবধারিতভাবেই পরিবর্তন আসছে। রক্ষণ, মধ্যমাঠ ও গোলকিপার পজিশনে এই পরিবর্তনটা অবশ্য প্রত্যাশিতই। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচটি খুবই খারাপ কেটেছে ডিফেন্ডার নার্গিস খাতুনের। তার বদলে আসবে আঁখি খাতুন। মনিকা চাকমার দলে ঢোকার কথা আছে। গোলকিপার রোকসানার বদলে খেলবে মাহমুদা।
আজ সকালে চনবুরির ইনস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন (আইপিই) স্টেডিয়ামে প্রত্যয়ীই দেখা গেল মেয়েদের। উত্তর কোরিয়া-দুঃস্বপ্ন ভুলে সামনে তাকানোর প্রত্যয়। জাপানের বিপক্ষে ভালো কিছু করে নিজেদের আবারও প্রমাণ করা।