জাপান-ইরানের বিদায়
এশিয়ান কাপ ফুটবলের শেষ আটে কাল একই সঙ্গে বিদায়ঘণ্টা বেজে গেল জাপান-ইরানের। জাপানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের জয়টাকেই বড় অঘটন মানতে হবে। ১৯৯৬ সালে ফাইনাল খেলার পর যারা সেমিফাইনালেই পৌঁছাতে পারেনি, সেই আমিরাতই টাইব্রেকারে ‘নীল সামুরাইদের’ হারিয়ে দিল ৫-৪ গোলে। সিডনিতে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। তাতে কেইসুকে হোন্ডা ও শিনজি কাগাওয়ার পেনাল্টি ব্যর্থতার খেসারত দিতে হয় জাপানকে।
ক্যানবেরায় ইরান-ইরাকের ম্যাচে ছিল আরও নাটকীয়তা। সেখানেও নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে। নাটকের শুরু অতিরিক্ত সময়ে, দুবার এগিয়ে যায় ইরাক। দশজনের দল নিয়েও দুবারই সমতা আনে ইরান, ৩-৩ স্কোরলাইনের পর খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথম পাঁচ স্পট কিকে সমতার পর সাডেন ডেথে ৭-৬ গোলে জেতে ইরাক। আগামী পরশু সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ইরাক, অন্য সেমিফাইনালে আমিরাতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এএফপি।