জাপান-যুক্তরাষ্ট্র ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে যেমন কেউ চায় না, তেমনি আত্মঘাতী গোলটাকেও ভুলে যেতে চাইবেন ইংলিশ ডিফেন্ডার লরা বাসেট। শেষ বাঁশি বাজতে যাবে, ঠিক এ মুহূর্তে প্রতিপক্ষের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বাসেটই বল জড়িয়ে দেন নিজেদের জালে। আর এতেই নিশ্চিত হয়, ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের বিশ্বকাপ ফাইনালে খেলছে জাপান।
কালকের শ্বাসরুদ্ধকর সেমিফাইনালটির শেষ মুহূর্ত পর্যন্ত ছিল ১-১ গোলের সমতা। দুটি গোলই আসে পেনাল্টি থেকে। অধিনায়ক আয়া মিয়ামা ৩৩ মিনিটে এগিয়ে নেন জাপানকে। বিরতির পাঁচ মিনিট আগে ইংল্যান্ডকে সমতায় ফেরান ফারা উইলিয়ামস। বাকি সময়টা যেন ছিল ইংলিশ মেয়েদের দুর্ভাগ্যের গল্প। তাদের গোটা দুয়েক শট ফিরে আসে ক্রসবারে লেগে। আর এরপর তো আত্মাঘাতী গোলে তাদের সেই হৃদয় ভাঙার গল্প। ২০১১ বিশ্বকাপ ফাইনালের মতো এবারও ফাইনালে মুখোমুখি জাপান ও যুক্তরাষ্ট্র। এএফপি, রয়টার্স।