জাফর ইকবাল নেই, আছেন মামুনুল

৪ থেকে ১৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ২০ সদস্যের বাংলাদেশ দলে জায়গা হয়নি তরুণ জাফর ইকবালের। তবে দলে জায়গা ধরে রেখেছেন সাবেক অধিনায়ক অভিজ্ঞ মামুনুল ইসলাম।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ২০ সদস্যের চূড়ান্ত দলে থাকছেন কারা?
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত টুর্নামেন্টটি যতই এগিয়ে আসছিল, প্রশ্নটিও উড়ছিল পাল্লা দিয়ে। বাংলাদেশ কোচ জেমি ডের তো দল নির্বাচন করতেই হিমশিম খাওয়ার মতো অবস্থা। না হলে কি আর ৩০ আগস্ট দল ঘোষণা করার কথা থাকলেও সময় বাড়িয়ে নেন ২ সেপ্টেম্বর। আগামীকালই (২ সেপ্টেম্বর) হয়তো ২০ সদস্যের চূড়ান্ত দলের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ব্রিটিশ কোচ। কিন্তু আজ সন্ধ্যায় সব খেলোয়াড়কে ডেকে দল থেকে বাদ পড়াদের শুভকামনা জানিয়ে দেওয়া হয়েছে বিদায়। স্বাভাবিকভাবে এতেই বেরিয়ে গিয়েছে ২০ সদস্যের চূড়ান্ত দলে থাকছেন কারা।
দলীয় সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী তরুণ ও অভিজ্ঞতার সংমিশ্রণেই গঠিত হয়েছে জেমির বাংলাদেশ। সমর্থকদের জন্য হতাশার খবর হতে পারে যুবদলের জার্সিতে দুর্দান্ত খেলে আসা জাফর ইকবালের জায়গা হয়নি জেমির দলে। শুধু উইঙ্গার জাফরই নন, বাদ পড়েছেন তরুণ মিডফিল্ডার আব্দুল্লাহ, ফজলে রাব্বি; ফরোয়ার্ড মতিন মিয়া; ডিফেন্ডার রহমত মিয়া, মনজুর রহমান মানিক; গোলরক্ষক আনিসুর রহমান ও মাহফুজ হাসান প্রিতম। ৩০ সদস্যের দল থেকে এই আট তরুণের সঙ্গে বাদ পড়েছেন অভিজ্ঞ উইঙ্গার জুয়েল রানা ও ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। এই দুজন কোরিয়া সফরের আগে থেকেই দলের বাইরে থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে যোগ করা হয়েছিল দলে। কিন্তু শেষ পর্যন্ত ঘরের মাঠে সাফ খেলার স্বপ্নটা পূরণ হলো না তাঁদের।
আগে থেকেই জানা ছিল এশিয়ান গেমসে প্রায় চারটি ম্যাচেই নিয়মিত খেলা একাদশটি সাফে থাকছে নিশ্চিত। এশিয়াড মাতানো সে ১১ জন আছেনও। তাঁরা হলেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা; ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা, তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা ও বিশ্বনাথ ঘোষ; মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া জনি, জামাল ভূঁইয়া; ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল, সাদ উদ্দিন ও বিপলু আহমেদ। তাঁদের সঙ্গে ভাগ্যবান বাকি নয়জন হলেন গোলরক্ষক শহিদুল আলম, ডিফেন্ডার নাসির উদ্দিন, ওয়ালি ফয়সাল ও ফয়সাল মাহমুদ, মাঝমাঠ মামুনুল ইসলাম, ইমন বাবু, রবিউল হাসান ও সোহেল রানা এবং ফরোয়ার্ড শাখাওয়াত রনি। এখন দেখার পালা সাফের স্বপ্ন দিশারিরা কী উপহার দেন বাংলাদেশকে।
৪ তারিখ থেকে পর্দা ওঠা টুর্নামেন্টের প্রথম দিনেই ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে আগের তিন আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বাংলাদেশ। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল।