জাভি বার্সেলোনাকে আবার চূড়ায় নেবেন

আজ চ্যাম্পিয়নস লিগে অভিষেক হচ্ছে জাভিরছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসির কি আক্ষেপ হয়? মাত্র কয়েক মাসের জন্য যে সুযোগ হাতছাড়া হলো। প্রিয় সতীর্থ জাভি হার্নান্দেজ আবার বার্সেলোনায় ফিরেছেন। আর মাত্র তিন মাস আগেই ২১ বছরের সম্পর্ক ছেদ করে পিএসজিতে চলে যেতে বাধ্য হয়েছেন মেসি। একটুর জন্য সাবেক সতীর্থের কোচিংয়ে খেলার সুযোগটা পেলেন না সাবেক অধিনায়ক, যেটা পাবেন দানি আলভেজ।

২০১৫ সালে বিদায় নিয়েছিলেন জাভি। জাভির বিদায়ের পর সেই যে সুর কেটেছে বার্সেলোনার, সেটা আর ফিরে পায়নি তারা। ছয় বছরে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতা দলটি পরের ছয় বছরে আর ফাইনালেই উঠতে পারেনি। গত দুই বছরে তো ঘরোয়া লিগেও দাপট দেখাতে পারেনি কাতালানরা। গত ছয় বছর তবু মেসি ছিলেন, এবার তো সেই জাদুর কাঠিও চলে গেছে। কিন্তু বার্সেলোনা আবার আশা দেখতে শুরু করেছে জাভির প্রত্যাবর্তনে। স্বয়ং মেসি মনে করেন, জাভির হাত ধরে আবার আলোর দেখা পাব বার্সেলোনা।

খেলোয়াড়ি জীবনে এমন অনেক মুহূর্ত পার করেছেন জাভি ও মেসি।
ফাইল ছবি

এ সপ্তাহের শুরুতেই বার্সেলোনার কোচ হিসেবে অভিষেক হয়েছে জাভির। ভাগ্যপ্রসূত গোলে জয় পেলেও মাঠের খেলায় সেই পুরোনো বার্সেলোনার ছাপ দেখতে পাচ্ছেন অনেকে। আজ কঠিন পরীক্ষা দিতে হবে জাভিকে। চ্যাম্পিয়নস লিগে বেনফিকার সঙ্গে আজ জিততেই হবে বার্সাকে। না হলে শেষ ষোলোতে ওঠার কাজটা অনেক কঠিন হয়ে যাবে। আর আজ জিতলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।

বার্সেলোনার কোচ হিসেবে প্রথম ম্যাচে জয় পেয়েছেন জাভি
ছবি: এএফপি

এমন এক ম্যাচের আগে জাভিকে নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন মেসি। মার্কার সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন পিএসজি তারকা। সে সাক্ষাৎকারের চুম্বক কিছু অংশ শুধু প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, সাবেক সতীর্থকে নিয়ে মেসি বলছেন, ‘জাভি এমন এক কোচ, যিনি অনেক জানেন। এ ঘরের (বার্সেলোনা) সবকিছু তাঁর জানা আছে। বাচ্চাকাল থেকেই এখানকার সবকিছু জানেন তিনি। তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি এমন একজন, যিনি বার্সেলোনাকে অনেক উঁচুতে নেবেন। আমার মনে এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

জাভির অধীনে বার্সেলোনা আবার পুরোনো গৌরব ফিরে পাবে—এ আশা দলটির সব সমর্থকের। কিন্তু মেসি কি সে যাত্রার অংশ হবেন? এ প্রসঙ্গে মেসি বলেছিলেন, একদিন না একদিন তিনি প্রিয় ক্লাবে ফিরবেন, ‘আমি বরাবরই বলে এসেছি একদিন বার্সেলোনায় ফিরতে চাই। কারণ, যে উপায়েই হোক না কেন, ক্লাবকে সাহায্য করতে চাই। তাই কোনো উপায়ে যদি সাহায্য করতে পারি, অবশ্যই ফিরতে চাই।’