জাভিকে চেয়েছিলেন গার্দিওলা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুব করেই বায়ার্নে জাভিকে চেয়েছিলেন গার্দিওলা ছবি: এএফপি
খুব করেই বায়ার্নে জাভিকে চেয়েছিলেন গার্দিওলা ছবি: এএফপি

সম্পর্কটা তো কম দিনের নয়। পেপ গার্দিওলা সেই পুরোনো সম্পর্কটিকেই নতুন করে ঝালিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু তা আর হলো কোথায়?
এই মৌসুমে দলবদলের প্রথম পর্ব শেষ হওয়ার আগেই জাভিকে বার্সেলোনা থেকে বায়ার্ন মিউনিখে নিয়ে আসতে চেয়েছিলেন গার্দিওলা। কিন্তু শেষ পর্যন্ত তাঁর ইচ্ছা আর বাস্তবায়িত হয়নি। জাভি আসেননি আলিয়াঞ্জ অ্যারেনায়।
বার্সেলোনার সেই সর্ববিজয়ী দিনগুলোতে গার্দিওলার অধীনে আগুন ঝরিয়েছেন এই জাভি। মধ্যমাঠে গুরু গার্দিওলার পরিকল্পনাসমূহও বাস্তবায়নের অন্যতম সৈনিকই ছিলেন তিনি। বায়ার্নের কোচ হিসেবে সেই পুরোনো সৈনিককেই মনে করেছিলেন তিনি। চেয়েছিলেন জার্মানিতেও তাঁর সাফল্যের সারথি হবেন জাভি। কিন্তু জাভি নিজেই নাকি বিনয়ের সঙ্গেই ফিরিয়ে দিয়েছিলেন গার্দিওলার প্রস্তাব।
জাভির ব্যাপারটা বেশ অদ্ভুতই। পেশাদারির এই যুগে এমন ভাবনা সত্যিই অনন্য। নতুন মৌসুমে বার্সেলোনা কোচ লুইস এনরিকের ভাবনাতে ঠিক সেভাবে না থাকার পরও তিনি গার্দিওলার প্রস্তাব লুফে নেননি। যে ক্লাবের সঙ্গে ছোটবেলার স্মৃতি, ফুটবলার হয়ে ওঠার স্মৃতি জড়িয়ে আছে, সে ক্লাব থেকে এমন কোথাও যেতে চাননি, যেখানে সরাসরি লড়াইয়ে নামতে হবে ওই পুরোনো ক্লাবের বিপক্ষেই। বায়ার্ন মিউনিখের প্রস্তাব যতই লোভনীয় থাকুক না কেন, বায়ার্নের সঙ্গে বার্সার ইউরোপীয় অঙ্গনে যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা। ক্লাব ছাড়লেও তিনি নাকি যাবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ অথবা মধ্যপ্রাচ্যের কোনো ক্লাবে, যেখানে বার্সার বিপক্ষে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম।
পুরোনো শিষ্যের এমন মনোভাব জেনেই আর কথা বাড়াননি গার্দিওলা। জাভির বদলে তিনি রিয়াল থেকে তুলে এনেছেন জাবি আলোনসোকে। এই মৌসুমে বায়ার্নের মধ্যমাঠে থাকছেন আলোনসোই। তিনি সেই ভূমিকাটাই নেবেন, যেটার জন্য জাভি হার্নান্দেজকে ভেবে রেখেছিলেন গার্দিওলা। সূত্র: মেইল অনলাইন।