জাভিকে রোনালদোর খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লিওনেল মেসি, না ক্রিস্টিয়ানো রোনালদো? সারা বিশ্বই যখন এ নিয়ে দ্বিধাবিভক্ত, বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ কোন ছার! বেনজেমারা যেমন রোনালদোকে সেরা বলছেন, নেইমারদের চোখে মেসিই সেরা। কয়েক দিন আগে জাভি যেমন বলে দিয়েছেন, মেসির সঙ্গে রোনালদোর তুলনাই হয় না। সেটি রোনালদোকে মনে করিয়ে দেওয়ায় রীতিমতো ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়ে মনে করিয়ে দিয়েছেন, জাভি একটিও ব্যালন ডি’অর পাননি!

পরশুই প্রথমবারের মতো এই মৌসুমে মাঠে নেমেছেন রোনালদো। ছয় মিনিটে নিজের প্রথম গোলও পেয়ে গেছেন। অথচ ওসাসুনার সঙ্গে ম্যাচটির পর সাংবাদিকেরা তাঁকে মনে করিয়ে দিলেন জাভির কথাটা। দিন কয়েক আগে স্প্যানিশ রেডিও স্টেশন লা সেরের কাছে সাবেক বার্সা মিডফিল্ডার বলেছিলেন, রোনালদো যত কিছুই জিতুন না, মেসির সঙ্গে তাঁর তুলনাই হয় না। মেসির ধারেকাছেও নেই রোনালদো। সিআর-সেভেন শেষ পর্যন্ত আর চুপ থাকতে পারেননি, ‘কয়েক দিন আগেই বোধ হয় অনলাইনে এ রকম একটা খবর বেরিয়েছিল, আমাকেই এখন ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজা হয়। ক্রিসকে নিয়ে আলোচনা করলে খবরের শিরোনাম হওয়া যায়, সেটা সবাই জানে। জাভি কী বলল তাতে আমার আসলে কিছু এসে যায় না।’

এখানে থামলেও হতো। রোনালদো এরপর খোঁচা দিয়েছেন জাভির অর্জন নিয়ে, ‘ও তো কাতারে খেলে, এখানে ওর কথাই অপ্রাসঙ্গিক। জাভি সবকিছুই জিতেছে, বিশ্বকাপ, ইউরো পেয়েছে, কিন্তু সে কখনো ব্যালন ডি’অর পায়নি।’ এখন পর্যন্ত ক্যারিয়ারে তিনটি ব্যালন ডি’অর জিতেছেন রোনালদো, চতুর্থটিও বলতে গেলে তাঁর হাতের মুঠোয়। জাভি সব সময় মেসি-রোনালদোর ছায়ায় ঢাকা পড়ে ছিলেন।

আপাতত রোনালদো এসব নিয়ে মাথা ঘামাতে চাইবেন না। মাত্রই মাঠে ফিরেছেন, যত দ্রুত সম্ভব আগের ছন্দ ফিরে পেতে চাইবেন। পরশু যেমন নিশ্চিত করলেন, ক্যারিয়ারের শেষটাও রিয়ালেই করতে চান, ‘এ মুহূর্তে অন্য কোথাও ক্যারিয়ার শেষ করার কথা আমি ভাবছিই না। আমি যদি রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হতাম, আর আমার হাতে এ রকম একটা খেলোয়াড় থাকত, আমি অন্তত ১০ বছর তার চুক্তি বাড়িয়ে দিতাম।’

রোনালদোর চুক্তি আপাতত ২০১৮ সাল পর্যন্ত, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের নিশ্চয়ই সেটি মনে আছে! এএফপি।