জাভির ওপর চটেছেন আলভেজ
বার্সা ছেড়ে জুভেন্টাস, পিএসজি, সাও পাওলোর মতো একাধিক ক্লাবে খেললেও কাতালানদের জন্য দানি আলভেজের মনে আলাদা একটা মায়া, একটা টান ছিলই। যে কারণে প্রিয় বন্ধু জাভি বার্সার কোচ হওয়ার পর তাঁকে ফেরার আমন্ত্রণ জানালে মানা করতে পারেননি।
সমর্থকেরাও আশায় বুক বেঁধেছিলেন, আলভেজের মতো সর্বজয়ী তারকার ছোঁয়ায় বার্সার তরুণ তারকারা অনুপ্রাণিত হবেন, জয়ের নেশায় মেতে উঠবেন। কিন্তু মাস যেতে না যেতেই আলভেজ-জাভির মনোমালিন্যের খবর শোনা যাচ্ছে কাতালানপাড়া থেকে!
আলভেজের আসার মূল কারণ, রাইটব্যাক পজিশনে বার্সেলোনার দুর্বলতা। সেই ২০১৬ সালে আলভেজ বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর থেকেই তো রাইটব্যাক জায়গাটা নিয়ে সমস্যায় ভুগেছে বার্সেলোনা। এত বছরে কত কোটি ইউরো খরচ করেছে, কত খেলোয়াড়কে ‘দ্বিতীয় আলভেজ’ বানানোর স্বপ্ন নিয়ে ক্লাবে এনেছে, লাভ হয়নি। সের্হিনিও দেস্ত, অস্কার মিঙ্গেসা থেকে শুরু করে সের্হি রবের্তো—কেউই জাভির পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারছেন না। যে কারণে ফেরান তোরেস, পিয়ের-এমেরিক অবামেয়াং আর আদামা ত্রায়োরের পাশাপাশি জানুয়ারির দলবদলে আলভেজকেও ফিরিয়েছে দলটা।
মূল একাদশে নতুন চারজনকে নিয়মিত দেখা যাবে, এ আশা কোনো বার্সা–সমর্থক করে থাকলে তাতে বেরসিকের মতো বাধা দিয়েছে ইউরোপা লিগ কর্তৃপক্ষ। নিয়মের জটিলতায় ব্রাজিলিয়ান রাইটব্যাককে নিজেদের ইউরোপা লিগের দলে রাখতে পারেনি বার্সেলোনা। আর সেটি নিয়েই জাভির ওপর মনে মনে চটেছেন আলভেজ।
কাতালান সংবাদমাধ্যম স্পোর্তের সাংবাদিক ফেরান কোরেয়াসের প্রতিবেদন অন্তত তা-ই বলছে।
ইউরোপা লিগের নিয়ম অনুযায়ী, জানুয়ারিতে যতজন খেলোয়াড়ই দলে টানুক একটা ক্লাব, ইউরোপিয়ান টুর্নামেন্টে নতুন করে তিনজনের বেশি খেলোয়াড়কে নিবন্ধন করাতে পারবে না। মৌসুমের শুরুতে চ্যাম্পিয়নস লিগেই তো একবার দলের খেলোয়াড় তালিকা জমা দিয়েছিল বার্সা, চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ে এবার ইউরোপা লিগে খেলতে হলেও উয়েফাতে খেলোয়াড় তালিকা তো একই আছে! সেটিতে শুধু তিনজনই বাড়তি যোগ করা যেত। সেই তিনজন হিসেবে বার্সা যোগ করেছে ফেরান তোরেস, আদামা ত্রায়োরে ও পিয়ের-এমেরিক অবামেয়াংয়ের নাম। আলভেজের নাম আর নিবন্ধন করাতে পারেনি।
ফেরান কোরেয়াস তাঁর প্রতিবেদনে জানিয়েছেন, দলে দ্বিতীয়বার খেলার সুযোগ পেয়ে বার্সেলোনার প্রতি আলভেজ যথেষ্ট কৃতজ্ঞ। তাই বলে ইউরোপা লিগের স্কোয়াড থেকে বাদ পড়ার বিষয়টি যে তিনি ভালোভাবে হজম করেছেন, ব্যাপারটা তেমন নয়। জাভির সিদ্ধান্ত মেনে নিলেও মনে মনে বেশ নাখোশ কিংবদন্তি এই ব্রাজিলিয়ান রাইটব্যাক।
৩৮ বছর বয়সী আলভেজ বার্সার হয়ে লিগে খেলছেন নিয়মিত। ইউরোপা লিগের ম্যাচগুলো সাধারণত হয় বৃহস্পতিবার রাতে, এরপর শনিবার বা রোববারে লিগের ম্যাচ খেলতে হয় ক্লাবগুলোকে। আলভেজের পক্ষে এ বয়সে তিন দিনের মধ্যে দুই ম্যাচ খেলা হয়তো কষ্টসাধ্য হয়ে যাবে। এ কারণে জাভির এ সিদ্ধান্ত।
এখন এ সিদ্ধান্তে আলভেজের অসন্তুষ্টি থেকে যেন বড় কিছু না হয়, সেটাই আশা করবেন বার্সার সমর্থকেরা। দলে এমনিতেই তো দলে সমস্যার অভাব নেই!