জাভির চোখে মেসিই সবার ওপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি ও জাভি
মেসি ও জাভি

ক্রিস্টিয়ানো রোনালদো কি একটু এগিয়ে গেলেন? সবাই তো তা-ই বলছে। লিওনেল মেসির যা নেই, এখন রোনালদোর তা আছে। জাতীয় দলের হয়ে বড় একটা ট্রফি। পর্তুগালের ইউরোপ জয়ের স্মৃতি টাটকা থাকতেই জাভি কিন্তু একেবারে অন্য কথা বলছেন। তাঁর মন্তব্য, মেসি বাকিদের চেয়ে অনেক অনেক এগিয়ে। এমনকি রোনালদোর চেয়েও। মেসির সঙ্গে তুলনা হয় না আর কারোরই।
বার্সেলোনার মাঝমাঠের এই সাবেক কান্ডারি বলেছেন, ‘মেসির মতো আর কেউ নেই, আর কেউ আসবেও না। অনেক ভালো ভালো ফুটবলার আসবে, কিন্তু কেউই মেসির সমপর্যায়ের হবে না। এতগুলো বছর ধরে শীর্ষে থাকা; ব্যক্তিগত ও দলীয় এত এত ট্রফি জেতা—এই কীর্তি পেরিয়ে যাওয়া অসম্ভব। ভবিষ্যতে আর কেউ এতটা ব্যবধানে বাকিদের চেয়ে এগিয়ে থাকবে না, সেরারা কাছাকাছি মানের হবে।’
এরপর দাবি করলেন, ‘মেসি আর রোনালদোর মধ্যে লড়াই দেখিয়ে গল্প বেচার চেষ্টা করা হয়, কিন্তু আমরা যারা ফুটবল বুঝি, তারা জানি তুলনা হওয়ার প্রশ্নই আসে না।’
রোনালদোই যদি মেসির ‘কাছাকাছি’ও না যেতে পারে, আর কে পারবে? জাভি দেখেনও না কাউকে। এমনকি নেইমারকেও নয়, ‘মেসি যখন তার ক্যারিয়ার শেষ করবে, তখন নেইমার থাকবে, এডেন হ্যাজার্ডসহ আরও ৫-১০ জন থাকবে, যাঁরা কাছাকাছি মানের। কিন্তু কারও পক্ষেই মেসির মতো অবিসংবাদিত হওয়া হবে না।’
বার্সেলোনাকে এই মহামূল্যবান রত্নটার যথাসম্ভব যত্ন নিতে বললেন জাভি। যদিও শোনা যাচ্ছিল, মাঠের বাইরের নানা ঝামেলায় ত্যক্ত-বিরক্ত মেসি ক্লাবই ছেড়ে দেবেন। কিন্তু সব শঙ্কা দূর হতে চলেছে নতুন চুক্তিতে। যে চুক্তির মেয়াদ হবে ২০২১ পর্যন্ত। বার্সার সাবেক অধিনায়ক জাভির মতে, ‘ও এখনো বিশ্বের সেরা, দলে ব্যবধান গড়ে দিচ্ছে। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। বার্সেলোনাতে ও সুখেই আছে। বলব না, মাঠের বাইরের ঘটনায় ও একটুও বিরক্ত নয়। সেখানে যা-ই হোক, মাঠে এখনো সে বিশ্বসেরা।’
মেসিকে নির্ভার রাখা, ঝামেলামুক্ত রাখার মধ্যেই বার্সার সাফল্য লুকিয়ে আছে বলেও মনে করেন তিনি, ‘ওকে সুখী ও তৃপ্ত রাখা দরকার। সব ঝামেলা দ্রুত মিটিয়ে ফেলা দরকার যেন সে একেবারে ঝামেলামুক্তভাবে শুরু করতে পারে। অবশ্য এসব তাকে খুব বেশি প্রভাবিত করবেও না। সবচেয়ে বেশি মানসিক শক্তির কেউ যদি থেকে থাকে, সেটা মেসিই। ও এর সবকিছুই পার করে এসেছে।’ সূত্র: গোল ডটকম।