জাভির চোখেও রোনালদো এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ব্যালন ডি’অর কে জিতবেন?

প্রশ্নটা এভাবেও করা যায়, ব্যালন ডি’অর এবার ক্রিস্টিয়ানো রোনালদোর হাত থেকে ছিনিয়ে নেওয়ার কেউ আছেন? এখন পর্যন্ত সব জরিপেই প্রতিদ্বন্দ্বী মেসি-নেইমার-গ্রিজমানদের চেয়ে অনেক এগিয়ে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। সাবেক-বর্তমান বেশির ভাগ ফুটবলারও তাঁর পক্ষেই বলছেন। তাহলে নতুন করে আবার এ নিয়ে আলোচনা কেন? কথাটা যে জাভি বলেছেন। সাবেক বার্সেলোনা মিডফিল্ডারও বর্ষসেরার পুরস্কারটা দেখছেন রোনালদোর হাতেই।

বার্সেলোনায় বহুদিন মেসির পাশে খেলেছেন, তরুণ মেসির মহাতারকা হয়ে ওঠাও দেখেছেন স্বচক্ষে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রতি মুগ্ধতা সুযোগ পেলেই জানিয়ে দেন জাভি। তাঁর মুখে রোনালদোর নাম শোনাটা তাই ব্যতিক্রমই। তার ওপর মাসখানেক আগেই তো পর্তুগিজ অধিনায়কের সঙ্গে একচোট খোঁচাখুঁচি হয়ে গেল ৩৬ বছর বয়সী মিডফিল্ডারের। বর্তমানে কাতারের আল সাদে খেলা স্প্যানিশ কিংবদন্তি বলেছিলেন, ‘ফুটবল ভালোবাসেন এমন যে কেউই রোনালদোর চেয়ে মেসিকে এগিয়ে রাখবেন’, যেটি আবার রোনালদোর চোখে ছিল ‘কাতারে খেলা এক ফুটবলারের প্রচারে আসার চেষ্টা।’

তবে ব্যালন ডি’অরের প্রশ্নে জাভি এগিয়ে রাখলেন রোনালদোকে, যদিও ‘কিন্তু’ সেখানেও আছে, ‘চ্যাম্পিয়নস লিগ ও ইউরো জেতায় শিরোপাসংখ্যা রোনালদোকেই এগিয়ে রাখবে। তবে আমার এ-ও মনে হয়, অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ সেখানে মেসি তো থাকবেই।’ গোলডটকম।