জাভির সঙ্গী এখন ক্যাসিয়াস
ব্যাপারটা জানাই ছিল, অপেক্ষা ছিল শুধু তাঁর মাঠে নামার। গত পরশু রাতে ডায়নামো কিয়েভের বিপক্ষে গ্লাভস হাতে মাঠে নামার পরই চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়লেন ইকার ক্যাসিয়াস। ১৫১তম ম্যাচটি খেলে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন, তবে যৌথভাবে। যেখানে সঙ্গী সাবেক স্পেন-সতীর্থ জাভি হার্নান্দেজ।
১৯৯৯ সালের ১৫ সেপ্টেম্বর অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয়েছিল ক্যাসিয়াসের। গত মৌসুম পর্যন্ত রিয়ালের হয়ে ম্যাচ খেলেছেন ১৫০টি। ঠিক ২০ বছর পর রেকর্ডটা হলো কি না পোর্তোর জার্সিতে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে! রেকর্ডটাকে কি এমনভাবে চেয়েছিলেন ক্যাসিয়াস?
রিয়াল তাঁকে হয়তো চায়নি। তবে পোর্তোতে ক্যাসিয়াস আছেন কোচ জুলেন লোপেটেগির প্রথম পছন্দের গোলরক্ষক হয়েই। চোটে না পড়লে ২৯ সেপ্টেম্বর পোর্তোর ‘এস্তাদিও দো দ্রাগাও’য়ে চেলসির বিপক্ষে ম্যাচেই রেকর্ডটা নিজের করে নেবেন ক্যাসিয়াস। গত মৌসুমের ফাইনালে শেষবার বার্সেলোনার হয়ে খেলা জাভি যে আর ইউরোপেই নেই! মার্কা, এএস।