জামাল না খেলতে পারলে সমস্যা দেখছেন না কোচ

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।ফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য আজ বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করেছেন কোচ জেমি ডে। কলকাতা মোহামেডানের হয়ে ভারতের আই লিগে ব্যস্ত থাকলেও দলে আছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া।

কিন্তু আই লিগ ও কাঠমান্ডুর টুর্নামেন্টের সূচি প্রায় একই সময়ে হওয়ায় জামাল কাঠমান্ডুতে দলের সঙ্গে কবে যোগ দেবেন পরিষ্কার নয়। অবশ্য জামালকে পাওয়া না পাওয়া নিয়ে ভাবছেন না কোচ জেমি ডে। জেমির মনোভাব এমন, ‘সময়মতো পেলে ভালো, না পেলেও ক্ষতি নেই।’

আই লিগের সুপার সিক্স পর্বে জামালের দল মোহামেডানের শেষ ম্যাচ ২৭ মার্চ। তবে সে ম্যাচটি জামাল খেলবেন না বলে মোহামেডান ক্লাবকে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন। অন্তত এমনটাই মোহামেডান ক্লাব সূত্রে জানা গেছে।

২১ মার্চ গোকুলাম এফসির বিপক্ষে ম্যাচটি খেলেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে চান বাংলাদেশ অধিনায়ক। অবশ্য ২২-২৯ মার্চ ফিফার আন্তর্জাতিক ম্যাচ খেলার সূচির মধ্যে নেপালের টুর্নামেন্টটি হওয়ায় মোহামেডানও জামালকে ছেড়ে দিতে বাধ্য।

বাংলাদেশের প্রথম ম্যাচ যদি ২৩ মার্চ হয়, তাহলে ২১ মার্চ কলকাতায় খেলে এক দিন পরই কাঠমান্ডুতে জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলতে পারবেন কি না জামাল, সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে। তা ছাড়া ভাবনায় থাকছে বিমান সূচিও। বিষয়টা নিয়ে আজ সংবাদ সম্মেলনে কথা বলতে হয়েছে জেমিকে ডেকে।

জামাল ভূঁইয়ার সঙ্গে জাতীয় দলের কোচ জেমি ডে
ফাইল ছবি: প্রথম আলো

জামাল ভূঁইয়ার ব্যাপারে জেমির কথা, ‘২১ মার্চ জামালের ম্যাচ রয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৩ তারিখে হলে ওর খেলা কঠিন হতে পারে। যদি নেপাল না–ও যেতে পারে জামাল, এটা কোনো সমস্যা নয়। আমরা জানি, জামাল কী করতে পারে। যদি সে নেপালে যেতে পারে, তাহলে ভালো। যদি না যেতে পারে, নতুন কোনো খেলোয়াড় সুযোগ পাবে।’

নেপালের টুর্নামেন্টে খেলার ব্যাপারে সোমবার রাতে প্রথম আলোকে জামাল বলেন, ‘অবশ্যই আমি টুর্নামেন্টটি খেলব। টুর্নামেন্টের সূচি দেখার পর বলতে পারব কবে দলের সঙ্গে যোগ দেব। সরাসরি কলকাতা থেকে যাব নাকি ঢাকা এসে যাব, সে সিদ্ধান্ত নিইনি।’

২৩ থেকে ২৯ মার্চ নেপালে হবে ত্রিদেশীয় টুর্নামেন্টটি। স্বাগতিক নেপাল ও বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে অন্য দলটি কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। টুর্নামেন্ট সামনে রেখে ১৩ মার্চ করোনা পরীক্ষা করিয়ে পরের দিন থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ।

দল নেপাল যাওয়ার কথা ১৮ বা ২০ মার্চ। টুর্নামেন্টে খেলা হবে লিগ পদ্ধতিতে। তিন দল একে অন্যের সঙ্গে খেলার পর বেশি পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনাল।