জামাল ভূঁইয়া কি হারিয়ে গেলেন?
♦ একেবারেই ফর্মে নেই জাতীয় দলের প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া
♦ লোডভিক ডি ক্রুইফের হাত ধরে ২০১৩ সালে জাতীয় দলে স্থান পেয়েছিলেন ডেনমার্ক-প্রবাসী এই ফুটবলার
♦ ২০১৩-২০১৫ জাতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছিলেন
♦ দেশের ক্লাব ফুটবলে খেলা শুরু করেছিলেন শেখ জামালের হয়ে। শেখ রাসেল ঘুরে এখন তিনি সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলছেন

জামাল ভূঁইয়ার বেড়ে ওঠা ডেনমার্কে। ফুটবলার হয়ে ওঠাও সেখানেই। ২০১৩ সালে জাতীয় দলের প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্তির যে ধারণা বাফুফেকে সে সময়কার ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ দিয়েছিলেন, তারই ফলশ্রুতিতে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। নজর কেড়েছিলেন শুরু থেকেই। টানা দুই বছর জাতীয় দলের প্রথম একাদশের অবিচ্ছেদ্য অংশ হয়েই ছিলেন। দেশে থিতু হয়ে নিয়মিতই খেলছেন ঘরোয়া ফুটবল। কিন্তু জামালের খেলায় আগের সেই দ্যুতি কোথায়? শেখ জামাল, শেখ রাসেলে খেলে এখন সাইফ স্পোর্টিংয়ের হয়ে তিনি এখন কেবলই তাঁর অতীতের ছায়া। কিন্তু কেন?
গতকাল সাইফের হয়ে এএফসি কাপের প্রাথমিক রাউন্ডে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিলেন জামাল। কিন্তু তিনি যে আসলে মাঠে আছেন, সেটা বোঝা গেছে মাত্র একবারই। ম্যাচটা সাইফ হেরেছে ১-০ গোলে। পুরো ম্যাচটা একতরফা খেলেও দুর্ভাগ্য বারবারই হানা দিয়েছে সাইফ-শিবিরে। চারটি বল লেগেছে ক্রসবারে। তবে, যতই ‘দুর্ভাগ্য’কে দায়ী করা হোক না কেন, গোটা দলের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া হলে কিন্তু জামালসহ রক্ষণভাগের অন্যান্য খেলোয়াড়েরা কেউই দায় এড়াতে পারবেন না।
গোলদাতা ভ্লাসিভ আনাতোলিকে ‘অফ দ্য বল’ এ প্রথমে মার্ক করেছিলেন জামালই। কিন্তু তাঁকে ধোঁকা দিয়ে আক্রমণভাগের আরও গভীরে ফাঁকা জায়গা তৈরি করে নেন আনাতোলি। ইসান ইব্রাহিমের পাস বক্সের ওপরে নিয়ন্ত্রণে নিয়েই জোরালো শটে গোলে পাঠালেন কিরগিজ মিডফিল্ডার। সাদা চোখে সাইফের রক্ষণভাগকেই বেশি দায়ী মনে হবে। কিন্তু কলম্বিয়ান সেন্টারব্যাক ডেইনার যেখানে মাঝমাঠ কভার করতে তার পজিশন ছেড়ে একটু ওপরে উঠে গিয়েছিলেন, সেখানে হোল্ডিং মিডফিল্ডার জামাল দায়িত্ব এড়াবেন কীভাবে? জামালের তখন উচিত ছিল ডেইনারের জায়গায় নেমে এসে পরিস্থিতি সামাল দেওয়া। কিন্তু সেটা হয়নি। দ্বিতীয়ার্ধে অবশ্য গোলে বল মেরেছিলেন, কিন্তু সেটি দারুণভাবে রুখে দেন টিসির বদলি গোলরক্ষক ইব্রাহিম নাদিম। এর বাইরে জামালকে মাঠে চিনতে হয়েছে তাঁর জার্সি নম্বর দেখেই।
জামালের কাছে প্রত্যাশা অনেক বলেই তাঁর পারফরম্যান্স চোখে লাগে। কাল গোটা ম্যাচে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে একটাও বিল্ড আপ আক্রমণ করতে পারেননি তিনি। তাহলে হোল্ডিং মিডফিল্ডারের দায়িত্বটা কি? গোটা দুটি মৌসুম জামাল যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। এমনিতেই এ দেশের ফুটবলের তারকার সংকট। নিজের পারফরম্যান্স দিয়েই এই প্রবাসী ফুটবলার তারকা হয়ে উঠছিলেন। কিন্তু বাজে পারফরম্যান্সের কারণে তাঁকে নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে একরাশ হতাশা।
২০১৫ সালের বঙ্গবন্ধু গোল্ডকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন জামাল। অফুরন্ত দম নিয়ে গোটা মাঠ ছুটে বেড়ানো সেই জামাল নিজেও ফিরে পেতে চান তাঁর পুরোনো ফর্ম, ‘গত মৌসুমে শেখ রাসেলে খেলার সময় টাকাপয়সা নিয়ে ক্লাবের সঙ্গে ঝামেলা চলছিল। আমি সেখান থেকে পুরো পারিশ্রমিক পাইনি। খেলায় মন দিতে পারছিলাম না। এবার সাইফে এসে পড়ে গেলাম চোটে। গোটা মৌসুম জুড়েই চোট আমাকে ভুগিয়েছে।’