জামাল ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফাইল ছবি
>রেফারির বিপক্ষে কথা বলায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে জামাল ভূঁইয়াকে

আবাহনী ও সাইফ স্পোর্টিংয়ের মধ্যে উত্তেজনাকর ম্যাচ নিয়ে রেফারির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন জামাল ভূঁইয়া। সে রেশ ধরে জাতীয় দল ও সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চিঠি প্রাপ্তির কথা নিশ্চিত করেছেন সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী।

এর আগে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে রেফারির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক অভিযোগ তুলে বলেন, ‘ম্যাচে রেফারি নিরপেক্ষ ছিল না। যা ফুটবলের জন্য ভালো নয়। রেফারির মান নিয়ে প্রশ্ন আছে। খেলোয়াড়েরা ভুল করলে যেমন শাস্তির ব্যবস্থা আছে, রেফারিদের বিরুদ্ধেও তেমন ব্যবস্থা থাকা উচিত।’ এ বক্তব্যে জামাল আচরণবিধি ভেঙেছেন বলে মনে করে বাফুফে। যে কারণে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাফুফে। বৃহস্পতিবারের মধ্যে জবাব দিতে বলা হয়েছে জামালকে।

শনিবার সে ম্যাচে আবাহনীর বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল সাইফ। ৪৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকলেও সাইফকে ম্যাচ শেষ করতে হয়েছিল বড় হার দিয়ে। ৫ গোলের ম্যাচে লাল কার্ড দেখানো হয়েছে তিনজনকে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারির জেরে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন সাইফের এমিরি বায়িসেঙ্গে এবং আবাহনীর মাসিহ সাইগানি। মাঠের উত্তেজনা শেষ হয়নি ম্যাচ শেষেও। শেষ বাঁশি বেজে যাওয়ার পর খেলোয়াড়েরা সবাই মাঠ ছেড়ে যাওয়ার রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়ায় লাল কার্ড দেখেছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া।