জামালকে আরামবাগের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের পর মাথা নিচু করে মাঠ ছাড়ছিলেন আরামবাগের গোলরক্ষক আক্কাস শেখ। সতীর্থরা সান্ত্বনা দিচ্ছিলেন। কিন্তু দুঃস্বপ্নের ম্যাচটি ভুলেই যেতে চাইবেন গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগে খেলা এই গোলরক্ষক। এগিয়ে গিয়েও যেভাবে ম্যাচটা হাতছাড়া হয়েছে, সেই দায়টা যে কিছুতেই এড়াতে পারেন না তিনি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল শেখ জামাল ৩-১ গোলে হারিয়েছে আরামবাগকে। তবে স্কোরলাইনে শেখ জামালের গোলদাতা হিসেবে শুধুই সলোমন কিংয়ের নাম থাকবে। বাকি দুটি গোলই আরামবাগের আত্মঘাতী। আরামবাগের একমাত্র গোলটি বুকোলার।

এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেখ জামাল। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী।

লিগে পাঁচ ম্যাচের প্রথম তিনটিতেই হার। শুধু আগের ম্যাচটিতে ব্রাদার্সকে হারিয়ে ছন্দে ফেরার আভাস দিচ্ছিল আরামবাগ। কাল ১৪ মিনিটেই এগিয়ে যায় আরামবাগ। ডান প্রান্ত দিয়ে ঢুকে যাওয়া জুয়েলের ক্রসে বুকোলার শটটি শেখ জামাল গোলরক্ষক মিতুল হোসেন চেষ্টা করেছিলেন ফেরাতে। কিন্তু মিতুলের হাত ফসকে বলটি গড়িয়ে গড়িয়ে ঢোকে জালে।

গোলের জন্য যখন হন্যে হয়ে ফিরছে শেখ জামাল, তখন ভাগ্যই যেন ফিরে তাকায় তাদের দিকে। ৩৭ মিনিটে আরামবাগের ডিফেন্ডার জালাল বল ক্লিয়ার করতে গিয়ে বাড়িয়ে দেন গোলরক্ষক আক্কাসের দিকে। কিন্তু সেটি আক্কাসের হাতের নিচে দিয়ে খুঁজে নেয় জাল। হতভম্ব গোলরক্ষক চেয়ে চেয়ে শুধু দেখলেন। পড়ে পাওয়া গোল নতুন উদ্যম আনে শেখ জামালের মধ্যে। তবে ব্যবধান দ্বিগুণ হয় আবারও গোল উপহার পেয়ে! ৪৫ মিনিটে কর্নার থেকে এনামুলের উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে এবার জালে ঢুকিয়ে দেন আরামবাগ মিডফিল্ডার শাহরিয়ার বাপ্পী। পরপর দুটি আত্মঘাতী গোল খেয়ে আর ম্যাচেই ফিরতে পারেনি আরামবাগ। গোল দুটি নিয়ে আরামবাগের কোচ মারুফুল হকের ব্যাখ্যা, ‘পরিকপক্বতার অভাবেই আত্মঘাতী গোল হয়েছে।’

দুটি গোল ‘উপহার’ পাওয়াটা হয়তো আত্মসম্মানেই লাগছিল শেখ জামালের। এ জন্যই কিনা ৬২ মিনিটে সলোমন কিং করলেন অসাধারণ এক গোল। বাঁ প্রান্ত দিয়ে শ্যামল বাড়িয়ে দেন বল। কয়েক সেকেন্ড সময় নিয়ে ঠান্ডা মাথায় কিংয়ের গোলার মতো শট। গোলরক্ষক আক্কাসের মাথার ওপর দিয়ে সেটি জালে।

কিংসলে জেতালেন বিজেএমসিকে

লিগের প্রথম ম্যাচের পর পায়ের মাংসপেশিতে টান লাগে কিংসলে ওশিয়োকার। পরের তিন ম্যাচ আর খেলতেই পারেননি। তবে কাল পুরো ফিট না হলেও মাঠে নামেন বিজেএমসির নাইজেরিয়ান স্ট্রাইকার। আর ওই কিংসলের গোলেই লিগে অধরা জয় পেল বিজেএমসি। কাল ফরাশগঞ্জকে ১-০ গোলে হারানোর ম্যাচে কিংসলে ১৯ মিনিটে করেন একমাত্র গোল। পুরো ম্যাচে ফরাশগঞ্জের উল্লেখ করার মতো তেমন কোনো আক্রমণ ছিল না। এর ওপর ৬৫ মিনিটে ডিফেন্ডার ফারুক লাল কার্ড দেখায় আরও দুর্বল হয়ে পড়ে ফরাশগঞ্জ।