জামালের আরেকটি জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামাল ভূঁইয়া
জামাল ভূঁইয়া

কোপেনহেগেন থেকে ঢাকা। বিশ্রামের সুযোগ পেলেন না এতটুকু। ঢাকায় নেমেই উঠতে হলো যশোরগামী বিমানে। পরদিন ২৪ অক্টোবর শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের প্রথম প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠেও নামলেন। লাল-সবুজ জার্সি পরার টানেই জামাল ভূঁইয়ার এত দূর ছুটে আসা।
২৭ অক্টোবর রাজশাহীর ম্যাচে কোচ তাঁকে রাখলেন প্রথম একাদশেই। চার ডিফেন্ডারের সামনে ডিফেন্সিভ পর্দা হিসেবে নজর কাড়লেন সবারই। সেটিই তাঁর সামনে খুলে দিয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলার দরজাও। যদিও ঘরোয়া ফুটবলে খেলবেন, এমন চিন্তা এক দিন আগেও ছিল না ডেনমার্কপ্রবাসী এই ফুটবলারের।
শেখ জামাল ধানমন্ডির সভাপতি মনজুর কাদের রাজশাহীর ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন। জামালকে তাঁর খুবই মনে ধরেছে। রাতেই জামালকে খেলার প্রস্তাব দেন তিনি। পুরো মৌসুমের জন্য ৩০ লাখ টাকায় চুক্তি করতে চেয়েছিলেন। বিকল্প প্রস্তাবও ছিল, মাসে সাড়ে তিন লাখ টাকা বেতন। বিকল্পটিই বেছে নিয়ে শেখ জামালের সঙ্গে পরশু চুক্তি করলেন জামাল ভূঁইয়া।
অথচ রাজশাহীর ম্যাচের আগেই জামাল ভূঁইয়া এই প্রতিবেদককে বলছিলেন, ‘এখানে খেলার কোনো প্রস্তাব এখনো পাইনি। তবে জাতীয় দলের সতীর্থ কয়েকজন বলল, ওরা চায় আমি যেন বাংলাদেশের কোনো ক্লাবে খেলি। ভালো প্রস্তাব পেলে ভেবে দেখব। তবে ডেনমার্কের প্রথম বিভাগের একটা দলের সঙ্গে আমার চুক্তি আছে আরও কয়েক মাস।’
সেই চুক্তি কাগজে-কলমে শেষ করার আগেই শেখ জামালের খেলোয়াড় হয়ে গেলেন। আগামী মাসে ভুটানের কিংস কাপেই শেখ জামালের জার্সি পরবেন। কাল ডেনমার্ক গেছেন, ওখানকার ক্লাবের সঙ্গে চুক্তির ইতি টানবেন এই ফাঁকে। ঢাকায় ফিরছেন ৫ নভেম্বর। তারপর একটানা থাকবেন বাংলাদেশে।
কিন্তু ইউরোপ ছেড়ে বাংলাদেশে খেলতে সমস্যা হয় না? রাজশাহীর ম্যাচের আগে বললেন, ‘সমস্যা তো হয়ই। এখানকার কন্ডিশন ইউরোপের চেয়ে ভিন্ন। কিছু করার তো নেই। মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তবে এখানকার গরমটা আমাকে ভোগায় বেশি।’ গরমকে পরে বাংলায় উচ্চারণ করলেন এভাবে, ‘গারম...গারম...’ (হাসি)।
এই কষ্ট মুছে যায়, যখন ম্যাচের আগে জাতীয় সংগীত শোনেন। ‘আমার সোনার বাংলা...’ গাইতে পারেন না, কিন্তু শুনলে গর্ব অনুভব করেন। নিজেই বলেন, ‘জাতীয় সংগীত শুনলে আমি অনেক আপ্লুত হয়ে পড়ি। এর চেয়ে মধুর অনুভূতি আর কিছু নেই।’
একটু বড় হওয়ার পর থেকেই এই অনুভূতি দোলা দিতে থাকে তাঁর মনে। বাবা-মা ষাটের দশকের শেষ দিকে বসত গড়েছেন কোপেনহেগেনে। জন্ম ও বেড়ে ওঠা সবই সেখানে। কিন্তু বাবা-মায়ের মুখে গল্প শুনে শিকড়ের টান ভোলেননি কিশোরগঞ্জের ছেলে। তাই বাংলাদেশ দলের জার্সি পরার স্বপ্ন দেখা।
সেটি পূরণ হলো লোডভিক ডি ক্রুইফের হাত ধরে। জাতীয় দলের বিদায়ী ডাচ কোচ এসেই লাল-সবুজ জার্সি তুলে দিলেন জামালের গায়ে। চোখও কেড়েছেন খুব তাড়াতাড়ি। নেপালে সাফ ফুটবলে অনেকের চোখেই তিনি ছিলেন বাংলাদেশের সেরা খেলোয়াড়। যশোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাদ দিলে বাংলাদেশের গত ১৭টি ম্যাচের ১৬টিতেই ছিলেন প্রথম একাদশে।
বাংলাদেশ দলে জামালকে সুযোগ করে দেওয়া ডি ক্রুইফ সম্প্রতি বিদায় নিয়েছেন। জামালের প্রতিক্রিয়া অনুমিতই, ‘ডি ক্রুইফ ভালো কোচ ছিলেন। তাঁকে মনে পড়বে সব সময়।’