জামালের পর এবার স্বপ্ন পূরণ হচ্ছে তারিকেরও?

জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন তারিক রায়হান।ছবি: বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে কাতারেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ফিনল্যান্ডপ্রবাসী তারিক রায়হানের? দলের একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের পরশুর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই অভিষেক হয়ে যেতে পারে বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডারের। তারিকও স্বপ্ন দেখছেন বাংলাদেশের জার্সিতে এ ম্যাচেই অভিষেক হবে তাঁর।

গত বছর প্রথমবার জাতীয় দলে ডাক পেলেও কুঁচকির চোটের জন্য দল থেকে ছিটকে পড়তে হয়েছিল তারিককে। এবার চূড়ান্ত দলে জায়গা করে নিয়ে শুরু করেছেন স্বপ্ন দেখতে। শুরুর একাদশে জায়গা করে নেওয়ার লড়াইয়ে কোচ জেমি ডের ‘গুড বুকে’ই আছেন তিনি। দোহা থেকে পাঠানো ভিডিও বার্তায় তারিক বলেন, ‘কাতারে অনেক গরম। তবু আমরা ভালো অনুশীলন করছি। আগামী তিন ম্যাচে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচের জন্য সবাই সেরাটা দিয়ে অনুশীলন করছে। ব্যক্তিগতভাবে জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। আশা করছি খেলার সুযোগ পাব আর সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা দেব।’

দোহায় অনুশীলনে তারিক রায়হান।
ছবি: বাফুফে

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দলীয় একটি সূত্র জানিয়েছে, এই ম্যাচেই রাইটব্যাক তারিকের অভিষেক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। মূলত বিশ্বনাথ ঘোষ ও সাদ উদ্দিনের দলে না থাকাটা তারিকের অভিষেকের পালে হাওয়া লাগাচ্ছে। চোটের কারণে এবার ক্যাম্পেই যোগ দিতে পারেননি নিয়মিত রাইটব্যাক বিশ্বনাথ। তাঁর স্থলে খেলানোর পরিকল্পনা ছিল সাদকে। কয়েক দিন আগে সাদও চোট নিয়ে দল থেকে ছিটকে পড়ায় তারিকের খেলার সম্ভাবনা হয়েছে উজ্জ্বল। এর আগে ফিনল্যান্ড বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে খেলেছেন তারিক। এ ছাড়া ফিনল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব ইলভেস ট্যাম্পেরের জার্সিতে ইউরোপা লিগের বাছাইপর্বে ম্যাচও খেলেছেন তিনি।

আফগানিস্তান ম্যাচকে সামনে রেখে আজ জিম সেশন ও বিকেলে বল নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ। নিজেদের রক্ষণভাগ জমাট রেখে প্রতি–আক্রমণের পরিকল্পনা সাজাচ্ছেন জেমি। করোনা থেকে সুস্থ হওয়ার পর কাল দোহায় পৌঁছে আজ অনুশীলনে যোগ দিয়েছেন উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। আগামী পরশুর ম্যাচটি সামনে রেখে ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাচ্ছেন না জামাল ভূঁইয়ারা। করোনার জন্য ম্যাচ ভেন্যু দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে অনুশীলনের কোনো সুযোগ রাখেনি আয়োজক কাতার। তাই আগামীকালও কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করে আফগানিস্তান ম্যাচের জন্য প্রস্তুত হবেন জামাল, তপু বর্মণরা।