জামালের রঙিন সন্ধ্যা আজই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুম শুরুর আগে শেখ জামাল ধানমন্ডির লক্ষ্য ছিল একটাই—ঘরে তুলতে হবে সব ট্রফি। সেই লক্ষ্য এত সহজে পূরণ হওয়ার কাছে যাবে তা অবশ্য ভাবা যায়নি। ফেডারেশন কাপ জয়ের পর প্রিমিয়ার লিগও প্রায় তাদের হাতের মুঠোয়। আজ মোহামেডানকে হারাতে পারলেই টানা দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলবে শেখ জামাল। সব মিলিয়ে পাঁচটি লিগে খেলে এটি হবে তৃতীয় শিরোপা। অল্প সময়ের মধ্যে যা দারুণ এক সাফল্যের গল্প।
আজ ড্র বা হারলেও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তাদেরই বেশি। লিগ জয়ের আনুষ্ঠানিকতা সারতে হাতে থাকবে আরও দুটি ম্যাচ। ২০ ম্যাচের লিগে ১৭ ম্যাচে শেখ জামালের পয়েন্ট ৪২। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট পাওয়া শেখ রাসেল বাকি চার ম্যাচ জিতলে পয়েন্ট হবে ৪৪। এগুলো স্রেফ কাগুজে হিসাব। বাস্তবে চ্যাম্পিয়ন হওয়ার পথে ৯৫ শতাংশ পথই হাঁটা হয়ে গেছে যোসেফ আপুসির দলের।
শেখ রাসেলকে হারানোর পরই শিরোপা অনেকটা হেলে পড়ে শেখ জামালের দিকে। পরের ম্যাচে ব্রাদার্সকে উড়িয়ে চলে গেছে আরও কাছে। গত ৫ ম্যাচে টানা জয়, শেষ ৭ ম্যাচে ৩৫ গোল! শেখ জামাল যেন টগবগিয়ে ছোটা এক ঘোড়া। গতিটা ধরে রাখতে পারলে আজ মোহামেডান বাধা হওয়ার কথা নয়।
তবে শিরোপা নিয়ে এখনই আবেগে ভাসছেন না মামুনুলরা। তাই উৎসবের প্রস্তুতিও নেই। ক্লাব কর্মকর্তারা জানালেন, আগে দল চ্যাম্পিয়ন হোক। তারপর আনন্দ-উৎসব হবে। তাঁদের সঙ্গে কণ্ঠ মেলালেন অধিনায়ক মামুনুল ইসলামও, ‘নিজেদের কাজটা আগে শেষ করি, তারপর আনন্দ করা যাবে।’
সেই আনন্দটা হবে প্রিমিয়ার লিগের ট্রফি নিয়েই। বাফুফে আজ মাঠেই ট্রফি দিয়ে দেওয়ার ব্যবস্থা রেখেছে। দিনটা তাই হতে পারে শেখ জামালের সাফল্যে রঙিন আরেকটি দিন!