জামালের 'রাজা' সলোমন কিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করে গুলি করার ভঙ্গিতে উদ্‌যাপন শেখ জামালের জয়ের নায়ক সলোমন কিংয়ের। যোগ করা সময়ের শেষ মিনিটে তাঁর জয়সূচক গোলটি শেখ রাসেল শিবিরে শেলের মতোই বিঁধেছে l শামসুল হক
গোল করে গুলি করার ভঙ্গিতে উদ্‌যাপন শেখ জামালের জয়ের নায়ক সলোমন কিংয়ের। যোগ করা সময়ের শেষ মিনিটে তাঁর জয়সূচক গোলটি শেখ রাসেল শিবিরে শেলের মতোই বিঁধেছে l শামসুল হক

বঙ্গবন্ধু স্টেডিয়ামে পরশু যে রোমাঞ্চটি উপভোগ করেছিল আবাহনী-মোহামেডান ম্যাচের দর্শকেরা, কালও দেখা গেল প্রায় একই দৃশ্য। ড্র-ই যখন মনে হচ্ছিল ম্যাচের নিয়তি, ঠিক সেই সময় গোল করে গাম্বিয়ান ফরোয়ার্ড আনন্দে ভাসালেন শেখ জামালকে। প্রিমিয়ার লিগে কাল শেখ রাসেলকে ২-১ গোলে হারানোর ম্যাচে জামালের অন্য গোলটি মোমোদু বাওয়ের। রাসেলের গোলদাতা খালেকুজ্জামান। রাসেলকে হারিয়ে লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে শেখ জামাল। রাসেলের এটি প্রথম হার।

জামালের ফরোয়ার্ড এনামুল ও নুরুল আবসার গোলের বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছেন। শেখ রাসেলের গোলরক্ষক জিয়াউর রহমান কখনো বাঁচিয়ে দিয়েছেন দলকে। তবে শেখ জামালের কোচ যোশেফ আপুসি কখনোই জয়ের আশা ছাড়েননি। ম্যাচ শেষে উচ্ছ্বসিত নাইজেরিয়ান বলছিলেন, ‘ফুটবলে সবকিছুই সম্ভব। কাল দেখেছি, আবাহনী কীভাবে শেষ মিনিটে গোল দিয়েছে। কিংকে নামানোর সময় বলেছিলাম, ওদের ডিফেন্ডাররা ক্লান্ত হয়ে পড়েছে। তুমি সুযোগটা কাজে লাগাও, তোমার সামর্থ্য দেখিয়ে দাও। আমি কখনোই ছেলেদের ওপর আস্থা হারাইনি। তবে অবশ্যই ভাগ্যবান যে, শেষ মুহূর্তে গোলটা পেয়েছি। তিন পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করতে পেরে খুবই খুশি।’

আপুসি খুশি হতে পারতেন আরও আগে। ৯ মিনিটে খুশির প্রথম উপলক্ষটা এনে দিয়েছিলেন মোমোদু বাও। গোলটি করেছেন কর্নার থেকে উড়ে আসা বলে হেডে। তবে সেই অগ্রগামিতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জামাল। মুক্তিযোদ্ধার বিপক্ষে চমৎকার গোল করা খালেকুজ্জামান শেখ রাসেলকে সমতায় ফেরান ৩৮ মিনিটে। বক্সের সামনে পাওয়া বলে বাঁ পায়ের জোরালো ভলিতে স্কোর করেন ১-১।

এরপর থেকে গোলের জন্য মাথা কুটেছেন শেখ জামালের ফরোয়ার্ডরা। জয়সূচক গোলের দেখা পাচ্ছিলেন না বলে ৭৪ মিনিটে রাফায়েল ওদোভিনকে তুলে আপুসি নামান কিংকে। কিং কোচের আস্থার প্রতিদান দিয়েছেন শেষ বাঁশি বাজার আগে গোল করে। ম্যাচ শেষে কিংয়ের কণ্ঠে শুধুই উচ্ছ্বাস, ‘আমার ওপর আস্থা রাখায় কোচকে ধন্যবাদ। এই গোলের কৃতিত্ব আমার একার নয়। দলের সবার চেষ্টায় গোলটা হয়েছে। শেষ মিনিটে গোল করে জিতিয়েছি বলে বেশি ভালো লাগছে।’

অভিষেকেই বাজিমাত ইলিয়াসের

গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগের দল কারওয়ান বাজার প্রগতি সংঘে খেলেছিলেন। দুর্দান্ত পায়ের কাজ দেখে মিডফিল্ডার মোহাম্মদ ইলিয়াসকে এবার দলে নিয়েছেন রহমতগঞ্জের কোচ কামাল বাবু। প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে মাঠে নামাননি তাঁকে, তবে কাল একাদশে রেখেছিলেন। শেষ পর্যন্ত ইসমাইল বাঙ্গুরা, রাশেদুল আলম শুভদের বদলে নায়ক হয়ে গেলেন ইলিয়াস। ব্রাদার্সকে হারানোর ম্যাচে ২৫ মিনিটে একমাত্র গোলটি করেছেন টাঙ্গাইলের যুবক। পেশাদার লিগের অভিষেকেই গোল পেয়ে ভীষণ খুশি ইলিয়াস, ‘কোচের আস্থার প্রতিদান দিতে পেরেছি বলে ভালো লাগছে। সুযোগ পেলে আরও গোল করতে চাই।’

ব্রাদার্সের ইতালিয়ান কোচ জিওভান্নি স্কানু কাল ছিলেন না ডাগআউটে। মায়ের অসুস্থতার কারণে ইতালি ফিরে গেছেন এই কোচ। প্রথম দুই ম্যাচ ড্র করলেও কাল কোচ ছাড়া খেলতে নেমে হেরেই গেল গোপীবাগের দলটি।