জারার রেকর্ড অক্ষত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুইস এনরিকের দেখা সেরা খেলোয়াড় হলেন মেসি। বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ আরেকটু এগিয়ে মেসিকে দিয়েছেন সর্বকালের সেরার স্বীকৃতি। মেসি-বন্দনায় এখন বুঁদ ফুটবলবিশ্ব, দুদিন আগেই যে লা লিগায় তেলমো জারার সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা ভেঙে দিয়েছেন। কিন্তু আপনি হোঁচট খেতে পারেন যখন শুনবেন রেকর্ডটা মেসি আসলে ভাঙেননি! জারার পরিবার কিন্তু এ রকমই দাবি করেছে।
দুদিন আগেই সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি ছাড়িয়ে গিয়েছেন জারার ২৫১ গোলের রেকর্ড। অ্যাথলেটিক বিলবাওয়ের এই কিংবদন্তি ফুটবলার পৃথিবী ছেড়ে গেছেন ২০০৬ সালে। এখন তাঁর পরিবার দাবি করছে, আসলে রেকর্ডটা ভাঙেইনি। স্প্যানিশ রেডিও কোপের কাছে জারার মেয়ে কারমেন জারার দাবিটাও কিন্তু একেবারেই অযৌক্তিক নয়, ‘মেসি হয়তো তাঁর চেয়ে বেশি গোল করেছে, কিন্তু রেকর্ডটা ভাঙেনি। রেকর্ডটা ভাঙবে যখন কেউ ২৬৭ ম্যাচে ২৫১ গোল করবে, কিন্তু মেসি ২৮০ ম্যাচ (আসলে ২৮৩) খেলেছে।’ কারমেন আরও যোগ করেছেন, ‘আমরা আসলে আসল পরিসংখ্যানও ঠিকমতো জানি না। অ্যাথলেটিক তাদের ওয়েবসাইটে ২৫১ গোলের কথা জানিয়েছে, কিন্তু অন্য কিছু সূত্র বলছে আসলে ২৫৩ গোল করেছিলেন তিনি।’
কিন্তু ধরা যাক জারা দুটি গোল বেশিই করেছেন, তাতেও তো ভাঙবে এবং সেটি মেসির হাতেই। জারা-তনয়া আবারও নিজের ‘যুক্তি’ তুলে ধরলেন, ‘মেসি তাঁকে ছাড়িয়ে যাবেই, সে অসাধারণ একজন খেলোয়াড়। কিন্তু বাবার চেয়ে তাকে ১২টি ম্যাচ বেশি খেলতে হয়েছে। সে হয়তো বেশি গোল করেছে, কিন্তু প্রচারমাধ্যম যদি বলে সে বাবার রেকর্ড ভেঙেছে তাহলে ভুল বলা হবে।’ গোলডটকম।