জার্মান ইতিহাসের সেরা লো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত গতিতে ছুটছে জার্মানি। পরশু স্যান মেরিনোর বিপক্ষে ৮-০ গোলের জয়ে এক অনন্য ইতিহাস গড়েছেন জার্মান কোচ জোয়াকিম লোও। জার্মানির কোচ হিসেবে এটি তাঁর ৯৫তম জয়। জার্মানির ইতিহাসে কোনো কোচই তাঁর চেয়ে বেশি ম্যাচ জেতেননি।

লো ভেঙেছেন সেপ হারবার্জারের রেকর্ড। ১৯৩৬ থেকে ১৯৬৪ পর্যন্ত দুই দফায় জার্মানিকে ৯৪টি ম্যাচ জিতিয়েছিলেন সাবেক কোচ হারবার্জার। মাঝে ১৯৪২ থেকে ১৯৫০ পর্যন্ত অবশ্য জার্মান দলের কোনো কোচ ছিল না, এ সময় জার্মানি কোনো ম্যাচও খেলেনি।

জয়ের হারেও এগিয়ে আছেন লো। ৯৫তম জয় পেয়েছেন তিনি ১৪২তম ম্যাচে। হারবার্জারের অধীনে জার্মানি খেলেছিল ১৬৭ ম্যাচ। হারবার্জারের ৯৪টি জয়ের মধ্যে আছে ১৯৫৪ বিশ্বকাপের ফাইনালটাও। জোয়াকিম লোর অধীনেও ২০১৪ বিশ্বকাপ জিতেছে জার্মানি। জার্মানির কোচদের মধ্যে জয়ের হিসাবে এই দুজনের পরেই আছেন ১৯৭৪ বিশ্বকাপ ও ১৯৭২ ইউরো জেতানো কোচ হেলমুট শন। ১৯৬৪ থেকে ১৯৭৮ পর্যন্ত শনের অধীনে ১৩৯ ম্যাচ খেলে ৮৭টি জয় পেয়েছে জার্মানি। তথ্যসূত্র: এএফপি।