জার্মান ফেডারেশনে পুলিশি হানা

রাশিয়া ও কাতার বিশ্বকাপ নিয়ে দুর্নীতির অভিযোগ অনেক আগের। অভিযোগ উঠেছে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা ও গত বছর হয়ে যাওয়া ব্রাজিল বিশ্বকাপ নিয়েও। এসবের মধ্যেই জার্মানি বিশ্বকাপ নিয়েও যখন অনিয়মের কথা উঠল, তখন সেটা খুব বড় বিস্ময় হয়ে আসেনি। কিন্তু কাল জার্মান ফুটবল ফেডারেশনে পুলিশি তদন্তের পর এখন অনিয়মটা বড় রকমের বলেই মনে হচ্ছে।
বোমাটা প্রথম ফাটিয়েছে জার্মান দৈনিক ডার স্পিজেল। গত মাসে পত্রিকাটি দাবি করেছে, ২০০৬ বিশ্বকাপের ভোট কেনার জন্য ফিফাকে ৬৭ লাখ ইউরো ঘুষ দিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। স্বাভাবিকভাবেই আঙুল উঠেছে ওই বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান ফ্রেঞ্জ বেকেনবাওয়ারের দিকেও। ‘কাইজার’ অবশ্য দাবি করেছেন, এই বিশ্বকাপ নিয়ে কোনো ধরনের দুর্নীতি হয়নি। কিন্তু কালকের ঘটনার পর বোঝাই যাচ্ছে অভিযোগটা একেবারে অমূলক নয়। শুধু ফেডারেশনের কার্যালয়ে নয়, মূল অভিযুক্ত তিন ফেডারেশন কর্তার বাসায়ও তল্লাশি চালিয়েছে। বর্তমান সভাপতি উলফগ্যাং নিয়েরশবাখ, সাবেক সভাপতি থিও জোয়ানজিগের ও সাবেক মহাসচিব হোর্স্ট স্মিডটের দিকেই উঠেছে অভিযোগ।
রাষ্ট্রের কৌঁসুলি নাদজা নিয়েসেন বলেছেন, এই তিনজনের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার একটা ‘গুরুতর’ অভিযোগ আছে। অভিযোগটা কী সেটি বলেননি। তবে অনুমান করা হচ্ছে, ব্যাপারটা বিশ্বকাপের ওই লেনদেন নিয়েই।
এর মধ্যে ডিএফবিতে শুরু হয়েছে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িও। নিয়েরশবাখকে ‘মিথ্যাবাদী’ বলে জোয়ানজিগের দাবি করেছেন, ওই সময় ফিফার সহসভাপতি মোহাম্মদ বিন হাম্মামের সঙ্গে গোপনে একটা আর্থিক লেনদেন হয়েছিল নিয়েরশবাখের! সূত্র: এএফপি।