জার্মান ব্যালন ডি'অর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও কি ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই উঠতে যাচ্ছে? নাকি লিওনেল মেসি আবার ফিরে পাবেন রাজত্ব? ব্যালন ডি’অরের তিনজনের সংক্ষিপ্ত তালিকা জানা যাবে আর ঠিক সাত দিন পরই। রোনালদো-মেসি থাকবেন বলেই অনুমান। কিন্তু তৃতীয়জন কে হবেন? তাঁর হাতেই কি উঠবে এবারের ব্যালন ডি’অর?
লুই ফন গালের ধারণা কিন্তু এ রকমই। রোনালদো বা মেসি নন, ম্যানচেস্টার ইউনাইটডের ডাচ কোচ ব্যালন ডি’অর দেখতে চান কোনো জার্মানের হাতে, ‘বেশির ভাগ ক্ষেত্রে পরিচিত খেলোয়াড়েরাই ব্যালন ডি’অর জেতে। আমার মনে হয় না আপনি ভিন্ন ভিন্ন পজিশনের খেলোয়াড়দের মধ্যে তুলনা করতে পারবেন। আমার মনে হয় রোনালদো বা মেসিই জিতবে, কিন্তু এটা পাওয়ার জন্য আপনাকে কিছু একটা তো জিততে হবে। আর বিশ্বকাপের চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে? আমার মনে হয় কোনো জার্মানেরই এটা পাওয়া উচিত। বুন্দেসলিগার মানও খুব উঁচু।’
কিন্তু কে হবেন সেই ভাগ্যবান জার্মান? প্রাথমিক তালিকায় আছেন ছয়জন—ম্যানুয়েল নয়্যার, ফিলিপ লাম, মারিও গোটশে, টমাস মুলার, বাস্তিয়ান শোয়েনস্টাইগার, টনি ক্রুস। ফন গাল অবশ্য আলাদা করে কারও নাম বলেননি। তিনি নিজেই আছেন কোচদের সংক্ষিপ্ত তালিকায়। এ নিয়েও করেছেন রসিকতা, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের ফল দেখলে আমার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় থাকাটা অবিশ্বাস্য মনে হবে।’
ফন গাল দলীয় প্রাপ্তিকে বড় করে দেখছেন। কিন্তু ব্যালন ডি’অর তো শেষ পর্যন্ত ব্যক্তিগত অর্জনেরই পুরস্কার। বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার জাবি আলোনসো সেটাই মনে করিয়ে দিলেন, ‘এটা খুবই সাধারণ প্রশ্ন, পুরস্কারটা কি ব্যক্তিগত অর্জনের বিচারে? এই ক্ষেত্রে রোনালদো বা মেসির সঙ্গে পাল্লা দেওয়া কঠিন। কিন্তু এটা যদি দলীয় অর্জনের বিচারে হয় তাহলে জার্মানদেরই সেরা সুযোগ। আমার বাজি তখন বায়ার্নের সতীর্থদের পক্ষেই।’ আলোনসো অবশ্য আলাদা করে বলেছেন নয়্যারের নাম, ‘ম্যানুয়েল নয়্যার জিতলে সেটাই হবে ন্যায্য। আমাকে বলতে হবে সে আমার সঙ্গে খেলা সেরা গোলরক্ষকই শুধু নয়, ১১তম খেলোয়াড় হিসেবেও অসাধারণ।’
তবে রোনালদোকেই ফেবারিট দেখছেন অনেকে। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড পেলেন পূর্বসূরি ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদোর শুভকামনাও, ‘আমার মনে হয় রোনালদো এটা আবার জিতবে। সে ভালো খেলছে, এখনো প্রচুর গোল করছে। মেসিও ভালো খেলেছে, কিন্তু অন্য সব বছরের মতো নয়।’ গোলডটকম।