
এ যেন কোনো নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার মতো। আসন খালি আছে ১৯টি, তাতে সুযোগ পেতে লড়ছে ৩১ শিক্ষার্থী। ২০১৬ ইউরোর বাছাইপর্বে আজ থেকে শুরু হওয়া শেষ রাউন্ডের দুই ম্যাচ এমন ‘পরীক্ষা’র সামনে ফেলে দিয়েছে দলগুলোকে।
স্বাগতিক ফ্রান্স তো সরাসরিই খেলছে, ৫৩ দলের বাছাইপর্ব থেকে এরই মধ্যে মূল পর্বে জায়গা করে নিয়েছে আরও চারটি দল। বাস্তবতা ভিন্ন হতে পারে, তবে উয়েফার ওয়েবসাইটের তালিকা অনুযায়ী ৩১টি দলের এখনো ‘গাণিতিক সম্ভাবনা’ আছে সরাসরি বা প্লে-অফে খেলে মূল পর্বে যাওয়ার। প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাবের ঝামেলায় যেতে হচ্ছে না বাকি ১৭ দলকে, কোনো সম্ভাবনাই নেই তাদের।
ইউরোপের বড় দলগুলোর মধ্যে পরীক্ষার আগে সবচেয়ে বেশি অস্বস্তিতে আছে হল্যান্ড। ১৯৮৮ ইউরো চ্যাম্পিয়নদের ভাগ্যের নাটাই যে তুরস্কের হাতে! প্লে-অফে খেলার সুযোগ পেতে শুধু নিজেদের দুই ম্যাচে জয় পেলেই চলবে না ডাচদের, দুটি ম্যাচেই পয়েন্ট হারাতে হবে তুরস্ককেও। এমন সমীকরণ নিয়েই শনিবার কাজাখস্তান ও মঙ্গলবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলতে নামবেন ফন পার্সিরা।
শেষ রাউন্ডের প্রথম দিনে আজ ম্যাচ আছে জার্মানি, পোল্যান্ড, পর্তুগালের মতো পরাশক্তিদের। এদের সঙ্গে ইতিহাসের হাতছানি সামনে রেখে নামবে ‘পুঁচকে’ উত্তর আয়ারল্যান্ডও।
ডাবলিনে আজ আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে জার্মানির অদৃশ্য প্রতিপক্ষ হয়ে থাকছে পোল্যান্ডও। ড্র করলেই মূল পর্বে, তবু জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বিশ্ব চ্যাম্পিয়নরা। আসলে ভাবতে দিচ্ছে না দুই পয়েন্ট পিছিয়ে থাকা পোল্যান্ড। জার্মানির ড্রয়ের সুযোগ নিয়ে গ্রুপের শীর্ষস্থানটা দখল করতে পারে পোলিশরা। তবে সে জন্য গ্লাসগোতে স্কটল্যান্ডের বিপক্ষে জিততে হবে তাদের।
জার্মান মিডফিল্ডার ইলকায় গুন্ডোয়ানের কণ্ঠে দলীয় প্রতিজ্ঞারই অনুরণন, ‘আমরা ড্রয়ের জন্য খেলতে চাই না। আমাদের যে মান, তাতে ম্যাচটা জেতাই লক্ষ্য হওয়া উচিত।’ জয়ের প্রস্তুতিটা অবশ্য আদর্শ হয়নি জোয়াকিম লোর দলের, মাত্র দুটি সেশনই একসঙ্গে অনুশীলন করতে পেরেছে দল। তাতে অবশ্য খুব একটা সমস্যা দেখছেন না গুন্ডোয়ান, ‘আমরা এতে অভ্যস্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যখন ম্যাচ শুরু হবে, তখন যেন আমরা সব নিংড়ে দিতে ১০০ ভাগ প্রস্তুত থাকি।’
গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে স্কটল্যান্ডের বিপক্ষে ক্লাবের ফর্মটাকেই টেনে আনতে চাইবেন রবার্ট লেভানডফস্কি। বায়ার্ন মিউনিখের হয়ে গত চার ম্যাচে ১২ গোল করেছেন এই পোলিশ স্ট্রাইকার। আত্মবিশ্বাসের পাশাপাশি এই ম্যাচে একটা ভয়ও সঙ্গী লেভার। এমন ফর্মের কারণে না আবার প্রতিপক্ষের ‘অযাচিত’ মনোযোগের শিকার হতে হয়, ‘আমার মনে হয় স্কটিশরা বেশ আক্রমণাত্মক খেলবে, সেটা নিয়ম মেনেই হবে এমন না-ও হতে পারে।’
আজই মূল পর্ব নিশ্চিত হয়ে যেতে পারে পর্তুগালেরও। ঘরের মাঠে পরিচিত প্রতিপক্ষ ডেনমার্কের সঙ্গে ড্র করলেই চলবে রোনালদোদের। গত পাঁচ বছরে দল দুটির এটি পঞ্চম সাক্ষাৎ। আগের চার ম্যাচে পর্তুগাল এগিয়ে ৩-১-এ।
তবে উত্তর আয়ারল্যান্ড ও গ্রিসের ম্যাচে ঠোঁট বাঁকিয়ে হাসছে ইতিহাস। বাছাইয়ের শেষ পর্বের দুই ম্যাচে ২ পয়েন্ট পেলেই ১৯৮৬ বিশ্বকাপের পর প্রথম বড় টুর্নামেন্টে জায়গা করে নেবে গ্রুপ শীর্ষে থাকা আইরিশরা। আর হ্যাঁচোড়প্যাঁচোড়ে পাওয়া তিন ড্র থেকে ৩ পয়েন্ট নিয়ে গ্রিস আছে গ্রুপের তলানিতে। কাকতালটা হচ্ছে, ২০০৪ ইউরোর বাছাইয়েও একই গ্রুপে ছিল দুই দল। গ্রুপ শীর্ষে থেকেই সেবার ইউরোর মূল পর্বে জায়গা করে নিয়েছিল গ্রিস, পরে তো সবাইকে চমকে দিয়ে জিতে নিয়েছিল টুর্নামেন্টই। উত্তর আয়ারল্যান্ড তখন গ্রুপে কততম ছিল জানেন? তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে তলানিতেই!
ফুটবলে দিন কত দ্রুতই না বদলে যায়! এএফপি, উয়েফা, গোলডটকম।