জার্মানদের শনির দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত জার্মানি। এএফপির ছবিতে ওই মুহূর্তের গল্পটাই যেন উঠে এসেছে ছবি: এএফপি
শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত জার্মানি। এএফপির ছবিতে ওই মুহূর্তের গল্পটাই যেন উঠে এসেছে ছবি: এএফপি

এ তো শনির দশাই! আগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে হার। কাল আয়ারল্যান্ডের বিপক্ষে নিশ্চিত জয় হাতছাড়া। ইউরো বাছাইপর্বে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির শনির দশা যেন কাটছেই না।
গেলজেনখিশেনে আয়ারল্যান্ডের বিপক্ষে টনি ক্রুসের ৭১ মিনিটের গোলে জয়ের পথেই হাঁটছিল জার্মানরা। কিন্তু যোগ হওয়া সময়ে আইরিশ রূপকথার নায়ক বনে গেলেন জন ও’শেয়া। পোলিশ দুঃস্বপ্নের পর ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে থাকা জার্মানিও ও’শেয়ার গোলেই পেল হারসম এক আঘাত। ১-১ গোলে অমীমাংসিত এই ম্যাচে ইউরো বাছাইয়ে গ্রুপ ডি-তে তৃতীয় স্থানে চলে গেলেন জোয়াকিম লোর শিষ্যরা।
পুরো খেলায় ওটাই ছিল আয়ারল্যান্ডের একমাত্র সুযোগ। আর সেই সুযোগ কাজে লাগিয়েই গেলজেনখিশেনের দর্শকদের হতবাক করে দিল আইরিশরা। ম্যাচ শেষে ও’শেয়া জানিয়েছেন, তাঁর গোলটি প্রমাণ করে দিয়েছে তাঁরা এই ম্যাচটা হারতে আসেননি।
শেষ মুহূর্তের গোলে পয়েন্ট ভাগাভাগিটা কিছুতেই মেনে নিতে পারছেন না জার্মান কোচ জোয়াকিম লো, ‘আমার যতদূর মনে হয় ওটা ছিল পুরো ম্যাচে আয়ারল্যান্ডের একমাত্র প্রাপ্ত সুযোগ। সেটা থেকে গোল করেই তারা আমাদের একটা বড় ধাক্কা দিয়ে গেল। খেলার শেষ কয়েকটি মুহূর্ত আমাদের গা-ছাড়াভাবটা ছিল দৃষ্টিকটু। এই সময় আমরা খুবই সাদামাটা ফুটবল খেলেছি। পুরো ব্যাপারটাই প্রচণ্ড হতাশাজনক।’