সেই ১৯৬৬ বিশ্বকাপ ফাইনালের পর থেকে শুরু। বড় টুর্নামেন্টের নকআউট পর্বে জার্মানিকে আর কখনোই হারাতে পারেনি ইংল্যান্ড।
বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে চারবার জার্মানির মুখোমুখি হয়ে প্রতিবার হার দেখতে হয় ইংল্যান্ডকে, গত ৫৫ বছরের মধ্যে।
ইংল্যান্ড কিংবদন্তি এবং বর্তমানে বিশ্লেষক গ্যারি লিনেকার আক্ষেপ করে বলেছিলেন, ‘ফুটবল একটা সহজ খেলা, ৯০ মিনিট ধরে ২২ জন একটা বলের পেছনে দৌড়ায় এবং শেষ পর্যন্ত জার্মানি জেতে।’
১৯৯০ সালে ইতালি বিশ্বকাপের সেমিফাইনালে তৎকালীন পশ্চিম জার্মানির (বর্তমানে জার্মানি) কাছে হারের পর কথাটা বলেছিলেন আগের বিশ্বকাপে (’৮৬) সর্বোচ্চ গোলদাতা লিনেকার।
তাঁর ক্ষোভের কারণ ছিল—’৬৬ বিশ্বকাপ ফাইনালে (পশ্চিম) জার্মানিকে হারানোর পর ’৭০ বিশ্বকাপ, ’৯০ বিশ্বকাপ পুরোনো এই প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কখনো জিততে পারেনি ইংল্যান্ড। এর পর ’৯৬ ইউরো এবং ২০১০ বিশ্বকাপের নকআউট পর্বেও একই ফল।
শেষ পর্যন্ত কাল ইউরোর শেষ ষোলোয় জার্মানিকে ২–০ গোলে হারিয়ে এই জয় খরা কাটাতে পেরেছে গ্যারেথ সাউথগেটের দল। গত পাঁচ দশকেরও বেশি সময়ের মধ্যে বড় টুর্নামেন্টের নকআউট পর্বে জার্মানির বিপক্ষে এটাই প্রথম জয় ইংল্যান্ডের।
কেইন–স্টার্লিংদের জয়ে ওয়েম্বলির গ্যালারিতে আনন্দে ধেই ধেই করে নেচেছেন স্কাই স্পোর্টসের বিশ্লেষক লিনেকার। ফুটবলের বহুলচর্চিত উক্তির তালিকায় ঢুকে পড়া তাঁর সেই উক্তিকে এবার সমাহিত করার সময় হয়েছে বলে মনে করেন তিনি।
আজ তাঁর টুইট, ‘আমার মনে হয়, “জার্মানরা সব সময় জেতে” উক্তিটিকে এখন সমাহিত করার সময়। শান্তিতে ঘুমাও।’
ওয়েম্বলিতে ম্যাচের ৭৫ মিনিটে স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ৮৬ মিনিটে ইংল্যান্ডের জয়ের ব্যবধান দ্বিগুণ করেন কেইন। জার্মানিও এর মধ্যে গোলের সুযোগ পেয়েছে। নির্ধারিত সময় থেকে ৯ মিনিট বাকি থাকতে দারুণ এক সুযোগ নষ্ট করেন জার্মান ফরোয়ার্ড টমাস মুলার।
কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ ইউক্রেন। ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট মনে করছেন, ১৯৬৬ বিশ্বকাপের পর ইংল্যান্ডের বড় টুর্নামেন্ট জয়ের এই সুযোগ হাতছাড়া করা চলবে না।
ইউরো জিততে না পারলে জার্মানির বিপক্ষে এই জয় কেউ স্মরণে রাখবে বলে মনে করেন না তিনি, ‘এটা নিয়ে না কথা বললেও চলে। আমরা ড্রেসিংরুমে ঢোকার পর থেকেই এ নিয়ে কথা বলছি। তবে এখন থেকে চ্যালেঞ্জটা খুব কঠিন হবে। আমার মনে হয়, খেলোয়াড়েরাও তা জানে।’