জার্মানি আর এক পয়েন্ট দূরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিতে মেসুত ওজিল বাঁয়ে। টিমো ভের্নার ডানে। তবে পরশু নরওয়ের বিপক্ষে জার্মানির গোল-উৎসবের কেন্দ্রে তাঁরা দুজন। ওজিলকে দিয়ে শুরু জার্মানির গোল-উৎসব। এই ছবি সেই গোলের পর। পরে ভের্নারও করেছেন দুই গোল l এএফপি
ছবিতে মেসুত ওজিল বাঁয়ে। টিমো ভের্নার ডানে। তবে পরশু নরওয়ের বিপক্ষে জার্মানির গোল-উৎসবের কেন্দ্রে তাঁরা দুজন। ওজিলকে দিয়ে শুরু জার্মানির গোল-উৎসব। এই ছবি সেই গোলের পর। পরে ভের্নারও করেছেন দুই গোল l এএফপি

জার্মান সমর্থকেরা হয়তো ভাবছেন, ইশ্‌, উত্তর আয়ারল্যান্ড নিজেদের ম্যাচটা ড্র করলেই তো হতো! পরশু ঘরের মাঠে এত বড় জয়ের দিনে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে যাওয়াও নিশ্চিত হয়ে যেত জার্মানির।

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে নরওয়েকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি, ওদিকে একই গ্রুপে উত্তর আয়ারল্যান্ড ২-০ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে। তাতেই জার্মানির বিশ্বকাপ নিশ্চিত করার ‘আনুষ্ঠানিকতা’টা গেল একটু পিছিয়ে। বাছাইপর্বে আট ম্যাচেই জিতল জার্মানরা। বাকি দুই ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের দরকার আর এক পয়েন্ট। জার্মানির মতো পরশু বিশ্বকাপের আরেকটু কাছাকাছি চলে গেছে ইংল্যান্ডও। ওয়েম্বলিতে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইংলিশরা। 

প্রায় তিন মাস পর পরশু ঘরের মাঠে খেলতে নেমেছিল জার্মানি। কিন্তু ঘরের দর্শকদের এত দিনের অপেক্ষা পুষিয়ে দিতেই কি না, নরওয়েকে গোলবন্যায় ভাসাল জোয়াকিম লো-র শিষ্যরা। ১০ মিনিটে মেসুত ওজিলকে দিয়ে শুরু। পরের ৩০ মিনিটে গোল হলো আরও তিনটি—একটি ইউলিয়ান ড্রাক্সলারের, পরের দুটি তরুণ স্ট্রাইকার টিমো ভের্নারের। দ্বিতীয়ার্ধে লিওন গোরেৎস্কা ও মারিও গোমেজও যোগ দেন গোল-উৎসবে। এই জয়ে ৮ ম্যাচে জার্মানির পয়েন্ট ২৪, পরশুর জয়ে গ্রুপে দ্বিতীয় স্থান (শীর্ষ দল সরাসরি যাবে বিশ্বকাপে, দ্বিতীয় দল খেলবে প্লে-অফ) নিশ্চিত করে ফেলা উত্তর আয়ারল্যান্ডের পয়েন্ট ৮ ম্যাচে ১৯।

তবে নরওয়ে ম্যাচটা বিশেষ কিছু হয়ে আছে ভের্নারের জন্য। ম্যাচের ভেন্যু স্টুটগার্টের একাডেমিতেই তাঁর বেড়ে ওঠা, পেশাদার ফুটবলে প্রথম পা রাখা। গত মৌসুমে আর বি লাইপজিগে চলে যাওয়া ২১ বছর বয়সী পরশু স্টুটগার্টের মাঠে ফিরেই করলেন জোড়া গোল! জার্মানির জার্সিতে ৮ ম্যাচে তাঁর গোল হলো ৬টি। ভের্নার নিজে তো খুশিই, খুশি তাঁর কাছে মূল একাদশে জায়গা হারিয়ে ফেলা গোমেজও। ৩২ বছর বয়সী স্ট্রাইকার বরং ভের্নারেই জার্মানির ভবিষ্যৎ দেখছেন, ‘আগামী ১০ বছর জার্মানির আক্রমণে দাপট দেখাবে ও (ভের্নার)। কোচকে বলেছি, দলে নিজের এই ভূমিকাতেও আমি সন্তুষ্ট, যদি সেটির বিনিময়ে টিম আমাদের বিশ্বকাপ জেতায়।’

ইংল্যান্ড ম্যাচেও আলোচনা-সমালোচনায় এক তরুণ স্ট্রাইকার। ১৯ বছর বয়সী মার্কাস রাশফোর্ড। ম্যাচের ৩ মিনিটে তাঁর ভুলের সুযোগ নিয়েই গোল করেন স্লোভাকিয়ার স্তানিসলাস লোভোৎকা। তবে প্রায়শ্চিত্তও করেছেন রাশফোর্ড। ৩৭ মিনিটে তাঁর কর্নার থেকেই গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান এরিক ডায়ার। আর ৫৯ মিনিটে নিজেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন রাশফোর্ড, যা পরে হয়ে যায় জয়সূচক গোল। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে ইংল্যান্ড, ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। ফিফা, এএফপি।  

জার্মানির কাছে ৬-০ গোলের হার ১৯৭২ সালের পর আন্তর্জাতিক ফুটবলে নরওয়ের সবচেয়ে

বড় পরাজয়

প্লে-অফ নিশ্চিত উত্তর আয়ারল্যান্ডের। তাতে জিতে গেলে ১৯৮৬ সালের পর প্রথম বিশ্বকাপে খেলবে দেশটি